Image description

অতি গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে মেট্টোরেলের নিরাপত্তা বাড়ানোর জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এরই মধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন চেয়ে পুলিশ প্রধানের কাছে চিঠি দিয়েছে মেট্টোরেল কর্তৃপক্ষ। পাশাপাশি মেট্টোরেলের আশপাশের ২০ মিটারের মধ্যে স্থাপিত বিভিন্ন অফিস ও ভবন মালিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ। একইসঙ্গে কোথাও কোথাও লিখিত অঙ্গীকারনামা নেওয়া ও নানান নির্দেশনা দেওয়া হয়েছে।

সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের পটভূমিতে নেওয়া এই উদ্যোগের আওতায় সংশ্লিষ্ট ভবনের মালিক ও ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে নাশকতা প্রতিরোধ, সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি এবং ভবনের ছাদ ও সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণসহ বিভিন্ন নিরাপত্তামূলক দায়িত্ব পালনের অঙ্গীকার করতে হচ্ছে।


কেপিআই নিরাপত্তা নীতিমালা–২০১৩ অনুসারে, সংশ্লিষ্ট থানা-পুলিশ এসব অঙ্গীকারনামা সংগ্রহ করছে। পরে সেগুলো পুলিশের নথিতে সংরক্ষণ করা হচ্ছে। রাজধানীর মিরপুর, পল্লবী ও মতিঝিল এলাকা ঘুরে এ তথ্য জানা গেছে। এসব এলাকার মেট্রোরেল লাইনের আশপাশের অন্তত ১০টি বাড়ির নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলা হয়েছে। তবে এলাকাভেদে পুলিশের উদ্যোগে কিছুটা পার্থক্য রয়েছে। মিরপুর ও পল্লবী এলাকায় ভবনমালিকদের মৌখিকভাবে সতর্ক ও নির্দেশনা দেওয়া হলেও মতিঝিল এলাকায় লিখিত অঙ্গীকারনামা নিয়েছে পুলিশ। মতিঝিল মেট্রোস্টেশনসংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রধান কার্যালয় থেকেও এ ধরনের অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকটির নিরাপত্তা কর্মকর্তা বলেন, মতিঝিল থানা–পুলিশ তাদের কাছ থেকে একটি লিখিত অঙ্গীকারনামা নিয়েছে। নাশকতা প্রতিরোধে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীদের জন্যও নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে।

মতিঝিল এলাকায় লিখিত অঙ্গীকারনামা নিলেও মিরপুর এলাকায় মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। মিরপুরের শেওড়াপাড়া এলাকার অনামিকা কনকর্ড ভবনের ব্যবস্থাপক রুবেল আকন্দ প্রথম আলোকে বলেন, মেট্রোরেল চালুর পর থেকেই কাছাকাছি ভবনগুলোকে পুলিশের পক্ষ থেকে এ ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে। কোনো ঘটনা ঘটলে পুলিশ তাঁদের সতর্ক করে। দুই সপ্তাহ আগেও সতর্ক করা হয়েছে। তারা ভবনের ছাদে তালা লাগিয়েছেন এবং নিরাপত্তার জন্য একজনকে দায়িত্ব দিয়েছেন। তবে কোনো লিখিত নির্দেশনা বা অঙ্গীকারনামা পাননি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, কেপিআইভুক্ত স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত ব্যবস্থা নিয়ে থাকেন। এর অংশ হিসেবে ভবনমালিকদের মৌখিকভাবে সতর্ক করেছেন।

মিরপুর–১১ মেট্রোস্টেশনের কাছাকাছি একটি ভবনের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ বলেন, ‘মাঝেমধ্যেই পুলিশ তাদের এ বিষয়ে সতর্ক করে। সম্প্রতিও মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন।’

ভবনের ছাদ ও আশপাশের এলাকা নজরদারিতে রাখার নির্দেশ

অঙ্গীকারনামা ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, সরকার ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সব স্থাপনাকে ‘১(ক)’ শ্রেণির কেপিআই হিসেবে ঘোষণা করেছে। কেপিআই নিরাপত্তা নীতিমালা–২০১৩ অনুযায়ী, গুরুত্বপূর্ণ স্থাপনার বহিঃনিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের সুউচ্চ ভবন থেকে সরাসরি পর্যবেক্ষণ প্রতিরোধে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া কেপিআইয়ের সীমানাপ্রাচীর থেকে ২০ মিটারের মধ্যে থাকা ভবন ও স্থাপনার নিরাপত্তা ছাড়পত্র নেওয়ার বিধান রয়েছে।

অঙ্গীকারনামায় বলা হয়েছে, ভবনের ভেতরে, বারান্দায় কিংবা ছাদে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাষ্ট্রবিরোধী, জননিরাপত্তা বিঘ্নকারী বা নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে ভবনমালিক ও ভাড়াটেদের সচেতন থাকতে হবে।

মেট্রোরেল স্থাপনার দিকে ভবন থেকে সরাসরি পর্যবেক্ষণ ও নজরদারি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ জন্য প্রয়োজনীয় স্থানে স্ক্রিন বা পর্দা ব্যবহার করতে বলা হয়েছে। পাশাপাশি ভবনে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখতে হবে।

ভবনের ছাদ ও সংরক্ষিত এলাকায় প্রবেশের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। অফিস চলাকালে এবং বিশেষ করে অফিস সময়ের পর রাতে অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা, কর্মচারী বা বহিরাগত ব্যক্তি এসব স্থানে যেতে পারবেন না। এ জন্য নিরাপত্তাকর্মীদের সার্বক্ষণিক টহলের ব্যবস্থা রাখতে হবে।

ভবনের কোনো বাসিন্দা, ভাড়াটে কিংবা নতুন করে ভাড়া নিতে আসা ব্যক্তির চলাফেরা বা আচরণ সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা–পুলিশ ও মেট্রোরেল কর্তৃপক্ষকে জানাতে হবে। এ ছাড়া ভবনের কোনো অংশ নতুন করে ভাড়া দেওয়া বা অন্য কারও কাছে হস্তান্তর করা হলে নতুন ব্যবহারকারীকে অঙ্গীকারনামার শর্তগুলো জানাতে হবে। সেগুলো মেনে চলা নিশ্চিত করার দায়িত্বও ভবনমালিকের।

অঙ্গীকারনামায় আরও বলা হয়েছে, এসব শর্ত লঙ্ঘন করা হলে কিংবা সংশ্লিষ্ট ভবনে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটলে প্রচলিত আইন ও কেপিআই নিরাপত্তা নীতিমালা অনুযায়ী ভবনমালিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক বা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

এদিকে ১৮ নভেম্বর সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে অধিদফতরের অধীন সব প্রতিষ্ঠানের সরকারি সম্পদ ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অগ্নিসংযোগসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এ নির্দেশনা দেওয়া হয়। কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নির্দেশনা পালনে ব্যর্থ কর্মকর্তা–কর্মচারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

এ বিষয়ে মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘মেট্রোরেলের কাছাকাছি যেসব প্রতিষ্ঠান বা ভবন রয়েছে, শুধু সেগুলোর কাছ থেকেই অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। বিষয়টি তেমন কিছু নয়, মূলত মানুষকে সচেতন করতেই এ উদ্যোগ। মেট্রোরেল কেপিআইভুক্ত স্থাপনা হওয়ায় এর নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে; যাতে কেউ নাশকতা করার চেষ্টা করলে বা আশপাশে কোনো দুষ্কৃতকারীকে দেখলে সংশ্লিষ্ট ব্যক্তিরা সতর্ক হন।’