Image description

এক বছর বিরতির পর দেশে ফিরেই আগামীকাল শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে আলোচনা করবেন জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারী। মাহফিলে অংশ নেওয়ার বিষয়টি জানিয়ে রাজশাহী বিভাগের মানুষের উদ্দেশে ‘আগামীকাল থাকছি—দেখা হবে’ বলে বার্তা দিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ বার্তা দেন ড. মিজানুর রহমান আজহারী।

স্ট্যাটাসে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ আগামীকাল থাকছি— ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত রাজশাহী মাদ্রাসা মাঠের ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’

এদিকে মাহফিলকে ঘিরে রাজশাহীর মাদ্রাসা মাঠে চলছে ব্যাপক প্রস্তুতি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে মাঠে গিয়ে দেখা যায়, মাহফিলের মূল মঞ্চ নির্মাণের কাজ চলছে। বিপুলসংখ্যক মানুষের সমাগমের বিষয়টি বিবেচনায় নিয়ে মাঠ প্রস্তুতের কাজও করা হচ্ছে। এরই মধ্যে মাঠের সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে রয়েছে। মাহফিলে নারী ও পুরুষের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হয়েছে।

একই সঙ্গে নারী ও পুরুষদের প্রবেশের জন্য তৈরি করা হয়েছে আলাদা গেট। এসব পৃথক প্রবেশপথ দিয়ে মাহফিলে অংশ নিতে আসা ব্যক্তিরা মাঠে প্রবেশ করবেন। আয়োজকদের দাবি, এটি হবে রাজশাহীর সবচেয়ে বড় তাফসিরুল কোরআন মাহফিল।

ওলামা মাশায়েখ পরিষদের নেতারা জানান, আগামী ২৮ নভেম্বর শনিবার দুপুর ২টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে। তবে এর আগেই বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মানুষ মাহফিলে আসতে শুরু করবেন বলে আশা করছেন তারা। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও দেশের অন্যান্য জেলা থেকে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটবে বলে প্রত্যাশা আয়োজকদের।

মাহফিল সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মূল মাঠের পাশাপাশি নগরীর বিভিন্ন স্থানে ১৫টি জায়ান্ট স্ক্রিনে মাহফিলটি সরাসরি সম্প্রচার করা হবে।

এ বিষয়ে ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা রুহুল আমীন বলেন, রাজশাহীর সবচেয়ে বড় তাফসিরুল কোরআন মাহফিল হবে এটি। মাহফিলে নারী ও পুরুষের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আয়োজকদের আলোচনা হয়েছে। তারা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। এরই মধ্যে মাঠের সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে রয়েছে। দুপুর ২টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে। তবে বাদ মাগরিব ড. মিজানুর রহমান আজহারী আলোচনা শুরু করবেন।

মাহফিলের উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর উপস্থিত থাকার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক মোহাম্মদ জাহাঙ্গীর।

এ বিষয়ে তাফসিরুল কোরআন বাস্তবায়ন কমিটির মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান আশু বলেন, ‘রাজশাহীতে এই প্রথম মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিল। মাহফিলকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই মাহফিলে কয়েক লাখ মানুষের আগমন ঘটবে। সিডিউলে আছে তিনি ওই দিন বাদ মাগরিব আলোচনা করবেন।’