বাংলাদেশি শ্রমিকের মালয়েশিয়া যেতে গড় খরচ ৫ লাখ ৪৪ হাজার টাকা। শ্রীলঙ্কানরা যেখানে যান মাত্র ১ লাখ ২৭ হাজার টাকায়। অর্থাৎ ৪ দশমিক ২৮ গুণ বেশি টাকা দিয়ে দেশটিতে যেতে হয় বাংলাদেশিদের। নেপাল ও পাকিস্তানের তুলনায় আড়াই গুণ বেশি পড়ে যায় এ খরচা। মালয়েশিয়া রুটে নির্ভরযোগ্য জাতীয় গড় ব্যয় নেই ভারতের। তবে সরকারি নিয়ম অনুযায়ী, এজেন্ট সর্বোচ্চ ২০ হাজার রুপি সার্ভিস চার্জ নিতে পারে; যা বাংলাদেশি টাকায় প্রায় ২৯ হাজার ৪০০ টাকা। এর বাইরে ভিসা, টিকিট ও অন্যান্য খরচ শ্রমিককে বহন করতে হয়। সব মিলে ভারতের চেয়ে বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানি খরচ পাঁচ গুণেরও বেশি।
মোট কথা, প্রতিবেশীদের চেয়ে শ্রম রপ্তানি খরচ আড়াই থেকে পাঁচ গুণ বেশি। পড়শি সব দেশ থেকে চড়া দামে ভিসা-ওয়ার্ক পারমিট-বিমান টিকিট কিনে শ্রম বিক্রি করতে যান এ দেশের শ্রমিকরা। দক্ষিণ এশিয়ার বাইরে দক্ষিণ-পূর্ব এশিয়ার ফিলিপাইন থেকেও শ্রমশক্তি রপ্তানি হয়। তবে দেশটির রপ্তানি খরচ দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় অনেক কম। বিশ্বে শ্রমশক্তি রপ্তানি খুব বেশি দেশ থেকে হয় না। এ ছাড়া বিদেশ যাওয়ার খরচ তুলতেও বাংলাদেশ শীর্ষে। অর্থাৎ খরচে শীর্ষে, খরচ তুলতেও নাম্বার ওয়ান বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রভিত্তিক শ্রম অধিকার গবেষণা সংস্থা ভেরিতে, নেপালের জাতীয় পরিসংখ্যান অফিস ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), শ্রীলঙ্কার আইপিএস, ২০২৬ (ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজ অব শ্রীলঙ্কা), ভারতের কুয়ালালামপুর হাইকমিশন ও পাকিস্তানে আইএলওর প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে পাওয়া গেছে এই চিত্র।
আইএলওর নির্দেশিকা অনুযায়ী, অভিবাসন ব্যয় পরিমাপের জন্য রিক্রুটমেন্ট কস্ট ইন্ডিকেটর (আরসিআই) ব্যবহৃত হয়। একজন অভিবাসী শ্রমিককে তার প্রারম্ভিক নিয়োগ খরচ তুলতে কত মাসের উপার্জনের প্রয়োজন হয়, তা এর মাধ্যমে জানা যায়।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ইনস্টিটিউট (এডিবিআই), অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) যৌথভাবে ‘লেবার মাইগ্রেশন ট্রেন্ড ইন এশিয়া: ফেয়ার রিক্রুটমেন্ট, ট্রেইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে গত বছর। এ প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশি কর্মীদের গড় অভিবাসন ব্যয় সবচেয়ে বেশি। একজন বাংলাদেশি শ্রমিকের গড়ে তার খরচ তুলতে লাগে ১৪ মাস ১৮ দিন। শ্রমিক কম দক্ষ হলে এ খরচ তুলতে ২০ মাস ৬ দিনের মজুরি চলে যায়। এ খরচ তুলতে নেপালের একজন কর্মীর সময় লাগে ৪ মাস ৯ দিন। ভারতের ক্ষেত্রেও একই সময়ের প্রয়োজন হয়। তবে শ্রীলঙ্কার ক্ষেত্রে এ সময় লাগে আরও কম— ৩ মাস ১৮ দিন। পাকিস্তানের লাগে ১০ মাস ১৮ দিন।
আইএলও প্রতিবেদন বলছে, বাংলাদেশে অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে লাখ লাখ কর্মী বিদেশে যাওয়ার আগেই ঋণের ফাঁদে আটকা পড়ছেন। ময়মনসিংহের ফুলপুরের ছনধরা ইউনিয়নের ২৩ বছরের যুবক আবদুল্লাহ আল মামুন গত সেপ্টেম্বরে বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটিতে) নিবন্ধন করে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নেন। ঢাকার এজেন্সি ও সাব-এজেন্টদের কাছে তিনি শুনছেন ৬ থেকে সাড়ে ৬ লাখ টাকা খরচের কথা। মালয়েশিয়ার এনএসকে, ৯৯ স্পিডমার্ট বা মাইডিনের মতো সুপারশপের জন্য চাওয়া হচ্ছে ৭ লাখের বেশি।
মামুন আগামীর সময়কে জানিয়েছেন, ২০২৪ সালেও এক সাব-এজেন্টকে সাড়ে ৪ লাখ টাকা অগ্রিম দিয়েও শেষ পর্যন্ত বিদেশে যেতে পারেননি তিনি। এবার মালয়েশিয়া গেলে চড়া সুদে ঋণ নিতে হবে।
দেশের অভিবাসন বিশেষজ্ঞদের মতে, মামুেনর মতো প্রতি বছর গড়ে ১০ লাখ বাংলাদেশি কর্মী বিদেশে যেতে এ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। যদিও দেশের অর্থনীতি অনেকটা টিকে রয়েছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ২০২৬ সালের অভিবাসন প্রতিবেদন অনুযায়ী, বিশ্বমঞ্চে বাংলাদেশ সপ্তম শীর্ষ রেমিট্যান্স অর্জনকারী দেশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ রেমিট্যান্স পেয়েছে ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এটি টাকায় প্রায় ৪ লাখ ৩৭ হাজার কোটি।
২০২১ সালের দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ব্যয়ের সীমা নির্ধারিত ছিল ৭৮ হাজার ৯৯০ টাকা। কিন্তু ২০২৪ সালে ভেরিতের গবেষণায় উঠে এসেছিল, বাংলাদেশের কর্মীদের বাস্তবে গড় খরচ ৫ লাখ ৪৪ হাজার টাকা। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি ও মালয়েশিয়ার মধ্যস্থতাকারী সিন্ডিকেটের যোগসাজশে ভুয়া কাজের কোটা ও জাল নথিপত্র ব্যবহার করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। এর ফলে আইনসম্মতভাবে গিয়েও অনেক কর্মী মালয়েশিয়ায় পৌঁছানোর পর কোনো কাজ পাননি।
বেসরকারি রিক্রুটিং এজেন্সিদের মাধ্যমে এ বছর মালয়েশিয়া যেতে শ্রমিকপ্রতি সর্বোচ্চ ১ লাখ ৫৪ হাজার টাকা খরচ নির্ধারণের কথা বলেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তবে মাঠপর্যায়ে সাব-এজেন্ট এবং ২৫টি অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সির সিন্ডিকেটের কারণে কর্মীদের ৬ থেকে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত চুক্তি করার অভিযোগ পাওয়া যাচ্ছে।
মালয়েশিয়া যেতে আগ্রহী সাভারের এক বাসিন্দা আগামীর সময়কে জানিয়েছেন, একটি সাব-এজেন্সির সঙ্গে বাজারদর অনুযায়ী সাড়ে ৬ লাখ থেকে ৭ লাখ টাকার চুক্তি হয়েছে তার। গত সপ্তাহে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেছেন। এজেন্সির লোক তাকে বলেছেন, তার নিয়োগ চুক্তিপত্রে সরকারি ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা উল্লেখ থাকবে।
মালয়েশিয়ার এফডব্লিউসিএমএসের (মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থাপনার কেন্দ্রীয় অনলাইন সিস্টেম) তালিকাভুক্ত বাংলাদেশের ২৫টি এজেন্সির একটি আনিসা এয়ার ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার মো. রাব্বী চৌধুরী আগামীর সময়কে বলেছেন, বিভিন্ন সাব-এজেন্ট কর্মীর ডিমান্ড আনছে। তারা কর্মীদের মাইগ্রাম করে দিচ্ছে, মেডিকেল করা হচ্ছে। অভিবাসন ব্যয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বললেন, ‘ডিমান্ড লেটার আনতে যদি বেশি টাকা নেয়, তাহলে ওইভাবে ব্যবসায়ীরা ব্যয় নির্ধারণ করবেন।’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর গত জুলাই ও আগস্টে আগামীর সময়ের সঙ্গে আলাপকালে বাংলাদেশের অভিবাসন ব্যয়কে ‘গলাকাটা’ বলে উল্লেখ করেছিলেন। এ বিষয়ে জানতে চাইলে গত সোমবার নিজ কার্যালয়ে তিনি বললেন, ‘অভিবাসন ব্যয় কমাতে একটি কমিটি করা হয়েছে। প্রতিটি দেশের জন্য সরকারি ব্যয় নির্ধারিত থাকলেও তা মানা হয় না এবং নিয়মিত হালনাগাদও করা হয় না। এসব বিষয়ে আমরা কাজ করছি।’
আইওএম বাংলাদেশের তথ্যানুযায়ী, গ্রামপর্যায়ের সাব-এজেন্ট বা দালালচক্র, রিক্রুটমেন্ট সিন্ডিকেট এবং গন্তব্য দেশের কাফিল ও এখানকার এজেন্সিগুলোর অনানুষ্ঠানিক ভিসা কেনাবেচার কারণে অভিবাসন ব্যয় মাত্রাতিরিক্ত বাড়ে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, মোট অভিবাসন ব্যয়ের প্রায় ৫৯ দশমিক ৫ শতাংশই যায় মধ্যস্বত্বভোগী দালালদের পকেটে। বাকি অর্থের ১৫-২০ শতাংশ বিমান টিকিট ও সরকারি ফিতে এবং অবশিষ্ট অংশ মেডিকেল ও প্রাতিষ্ঠানিক প্রসেসিংয়ে ব্যয় হয়।
দালালচক্রের ভুক্তভোগী সাতক্ষীরার ভোমরার আহসান উল্লাহ (৪৩) জানিয়েছেন, জমি বন্ধক ও চড়া সুদে ঋণ নিয়ে মালয়েশিয়া যাওয়ার জন্য নরসিংদীর এক ব্যক্তিকে ধাপে ধাপে সাড়ে ৪ লাখ টাকা দিয়েছিলেন। কিন্তু ২০২৪ সালে ভুয়া ভিসার কারণে তিনি আর যেতে পারেননি। আহসান উল্লাহ বলেছেন, ‘সাতক্ষীরায় একবেলা কামলা দিয়ে ৩০০ আর দুবেলায় ৫০০ টাকা পাই। এখন ঋণের সুদ টানব, সংসার চালাব, নাকি ছেলেমেয়েদের স্কুলে পাঠাব? ওদের ঠিকমতো পোশাক আর দুমুঠো খাবারও দিতে পারছি না।’
বেসরকারি গবেষণা সংস্থা রামরুর নির্বাহী পরিচালক ড. তাসনিম সিদ্দিকী বলেছেন, “আগের সরকার সর্বোচ্চ পর্যায় থেকে মালয়েশিয়া সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিল। বর্তমান সরকারও তা বন্ধ করতে পারেনি, বরং নতুন অনেকে যুক্ত হয়েছেন। সরকার কঠোর না হলে এই অতিরিক্ত ব্যয় থামবে না। প্রবাসীরা রেমিট্যান্স পাঠালেও বাড়তি খরচের নামে যে ‘রিভার্স রেমিট্যান্স’ বা অর্থ পাচার হচ্ছে, তা খতিয়ে দেখার সময় এসেছে।”