Image description

পশ্চিমবঙ্গের মন্ত্রীর বাংলাদেশ দখলের মন্তব্যের জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা তরুণ প্রজন্ম ও ছাত্রদের আন্দোলনে ভারতে পালিয়ে গিয়ে অগ্নি সন্ত্রাসে উস্কানি দিচ্ছে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ক্ষমতার লোভে পড়ে অগ্নি সন্ত্রাস করে জ্বালাও পোড়াও করে, দেশে অস্থিতিশীলতার পায়তারা করা হচ্ছে। গোপালগঞ্জের সাধারণ মানুষ জ্বালাও পুড়াও পছন্দ করে না। সেখানে পলাতক ফ্যাসিবাদের সন্ত্রাসীরা সাধারণ মানুষকে জিম্মি করে অপতৎপরতা করছে। সরকার সব অপরাধ আমলে নিচ্ছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে ২৭ বীর শহিদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামানের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।