গোপালগঞ্জে মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের অনেক গ্রাহক লেনদেন করতে পারছেন না। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা পাঠানো ও গ্রহণ—দুই ধরনের লেনদেনই বন্ধ রয়েছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। লেনদেন করতে না পেরে কোনো কোনো দোকানপাটও বন্ধ রাখতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এনবিআর ৯৭টি হিসাব বন্ধ করেছে। তবে এই ৯৭টি হিসাবের বাইরেও আরও অনেক হিসাব সাময়িকভাবে ব্লক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে জেলাটিতে মোবাইল ব্যাংকিংয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সূত্র জানায়, নিরাপত্তাঝুঁকির কারণে এমএফএস প্রতিষ্ঠানগুলোর কর্মীরাও এজেন্টদের কাছে টাকা পাঠাতে পারছেন না। এতে এজেন্টদের মধ্যে নগদ টাকার সংকট তৈরি হয়েছে। গ্রাহকরা টাকা তুলতে ও জমা দিতে গিয়ে সমস্যায় পড়ছেন। বিশেষ করে যারা দৈনন্দিন কেনাকাটা, ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেনে মোবাইল ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল, তাদের ভোগান্তি বেড়েছে।
তবে গোপালগঞ্জের বাসিন্দা কিংবা ওই জেলার ঠিকানা ব্যবহার করে খোলা হিসাব বন্ধ করে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে বিকাশ। প্রতিষ্ঠানটির দাবি, সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট হিসাব সাময়িকভাবে বন্ধ করা হয়। এর সঙ্গে কোনো নির্দিষ্ট জেলার সম্পর্ক নেই।
বিকাশের মুখপাত্র শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, গোপালগঞ্জের বাসিন্দা কিংবা ওই জেলার ঠিকানা ব্যবহার করে খোলা বিকাশ হিসাব বন্ধ করে দেওয়ার অভিযোগের কোনো সত্যতা নেই। অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে নিয়মিত প্রক্রিয়ায় বিভিন্ন সময়ে কিছু হিসাব সাময়িকভাবে বন্ধ করা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এটি বিকাশের নিয়মিত কার্যক্রম।
শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, ‘এটা গোপালগঞ্জ বলে কোনো বিষয় নেই। আমাদের ডিজিটাল লেনদেনের সবকিছুর রেকর্ড থাকে। যেসব হিসাবে সন্দেহজনক লেনদেন দেখা যায়, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সেটা যেকোনো হিসাব হতে পারে, কোনো নির্দিষ্ট এলাকার বিষয় নয়।’
তিনি আরও বলেন, বিকাশের হিসাব এলাকাভিত্তিক নয়। সারা বাংলাদেশে প্রায় আট কোটি মানুষ বিকাশ ব্যবহার করেন। তাই কোনো হিসাব গোপালগঞ্জের, নাকি ঢাকার—এভাবে আলাদা করে দেখার সুযোগ নেই।
বিকাশের এই মুখপাত্র জানান, কখনও অল্পসংখ্যক, আবার কখনো একসঙ্গে অনেক হিসাব সন্দেহজনক লেনদেনের কারণে সাময়িকভাবে বন্ধ করা হয়। এরপর সংশ্লিষ্ট হিসাবের লেনদেন ও অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। হিসাবধারী আবেদন করলে বিষয়টি আবার যাচাই করা হয়। তদন্তে বড় ধরনের সন্দেহজনক কার্যক্রমের প্রমাণ না পাওয়া গেলে হিসাব পুনরায় চালু করে দেওয়া হয়।
তবে গোপালগঞ্জে বিকাশের পাশাপাশি নগদ ও রকেটের গ্রাহকেরাও একই ধরনের সমস্যায় পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানের কতটি হিসাব বন্ধ বা ব্লক করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ফলে ঠিক কতজন গ্রাহক এই সমস্যায় পড়েছেন, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
এ অবস্থায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যাদের মোবাইল আর্থিক সেবার হিসাবে টাকা জমা রয়েছে, তারা প্রয়োজনের সময় সেই অর্থ ব্যবহার করতে না পেরে বিপাকে পড়েছেন।
নগদের মুখপাত্র সজল জাহিদ এশিয়া পোস্টকে বলেন, কোনো নির্দিষ্ট জেলার গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে—এমন তথ্য তাদের কাছে নেই। গোপালগঞ্জ, ঢাকা কিংবা ফরিদপুর—কোন জেলার কতটি অ্যাকাউন্ট বন্ধ হয়েছে, তা নির্দিষ্ট করে বলা কঠিন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সন্দেহজনক লেনদেনের তথ্য পেলে নিয়মিত বিভিন্ন অ্যাকাউন্টের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে থাকে।
তিনি আরও বলেন, কোনো গ্রাহকের নম্বরে সন্দেহজনক লেনদেন হলে বিএফআইইউর নির্দেশনায় অ্যাকাউন্ট বন্ধ হতে পারে। সে ক্ষেত্রে গ্রাহকের বাড়ি গোপালগঞ্জ, ফরিদপুর নাকি ঢাকায়, তা নগদের পক্ষে নির্ধারণ করা সম্ভব নয়। একটি মোবাইল নম্বর দেশের কোন এলাকায় ব্যবহার হচ্ছে, তা মোবাইল অপারেটর জানতে পারে। কিন্তু নগদ, বিকাশ বা রকেটের মতো মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের পক্ষে তা জানা সম্ভব নয়।
সজল জাহিদ আরও বলেন, অ্যাকাউন্ট খোলার সময় গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য নেওয়া হলেও তা দিয়ে গ্রাহক বর্তমানে কোথায় অবস্থান করছেন বা তার মোবাইল নম্বর কোন এলাকায় ব্যবহার হচ্ছে, তা বোঝা যায় না। তাই শুধু গোপালগঞ্জ জেলার বাসিন্দা হওয়ার কারণে কোনো গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, এমন তথ্য আমাদের কাছে নেই।