Image description

একজন মা জানেন না, তার সন্তান বেঁচে আছেন নাকি মারা গেছেন। একটি শিশু জানে না, তার বাবা আর কোনোদিন ফিরবেন কি না। একজন স্ত্রী জানেন না, তিনি সধবা নাকি বিধবা। বছরের পর বছর অপেক্ষা করেও তারা কোনো উত্তর পান না। এমনকি স্বজনের মরদেহটুকুও ফিরে পান না, শেষবারের মতো বিদায় জানানোর সুযোগও হয় না। তাদের জানাজা হয় না, দাফন হয় না, শেষকৃত্যও হয় না।

পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও শতাধিক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনকালে এভাবেই গুমের শিকার ব্যক্তিদের পরিবারের দীর্ঘশ্বাস ও অসহায়ত্বের চিত্র তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের পক্ষে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। এ সময় গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের দীর্ঘদিনের অপেক্ষা, অনিশ্চয়তা ও মানবিক যন্ত্রণার বিষয়টি তুলে ধরেন তিনি।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও চিফ প্রসিকিউটরের কার্যালয়ের ফেসবুক পেজে বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হচ্ছে। কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে শুনানিতে অংশ নিচ্ছেন জিয়াউল আহসান।

অ্যাটর্নি জেনারেল বলেন, এই মামলার অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ শুধু বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ নয়, আন্তর্জাতিক আইন এবং সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে অপরাধ। এসব অপরাধের ভুক্তভোগী শুধু কয়েকজন ব্যক্তি বা তাদের পরিবার নন, বরং এর আঘাত পড়েছে সমগ্র মানবসমাজের ওপর।

তিনি বলেন, ‘আমরা এই আদালতে যেসব অপরাধের বিচারপ্রক্রিয়ায় অংশ নিচ্ছি, সেগুলো শুধু বাংলাদেশের আইনেই নয়, আন্তর্জাতিক আইনেও গুরুতর অপরাধ হিসেবে স্বীকৃত এবং শাস্তিযোগ্য।’

‘একজন মানুষকে হত্যা করা হলে ভেঙে পড়ে একটি পরিবার’

জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগের গুরুত্ব তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, অভিযুক্ত সাধারণ কোনো অপরাধের জন্য কাঠগড়ায় দাঁড়াননি। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ আন্তর্জাতিক আইনে স্বীকৃত গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। এসব অপরাধ মানুষের জীবন, মর্যাদা, স্বাধীনতা এবং সমগ্র মানবসমাজের বিবেকের ওপর আঘাত।

তিনি বলেন, ‘তাই এই বিচার কেবল কিছু ভুক্তভোগীর জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার বিচার নয়, এটি সমগ্র মানবতার প্রতি সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত করার বিচার।’

জিয়াউল আহসান একজন চাকরিচ্যুত সেনাসদস্য উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, যে বাহিনীর দায়িত্ব ছিল মানুষকে রক্ষা করা, সেই বাহিনীর কিছু সদস্য যখন দেশের মানুষের ওপরই অস্ত্র তাক করেন, তখন তা শুধু দায়িত্বে অবহেলা বা ক্ষমতার অপব্যবহারের মধ্যে সীমাবদ্ধ থাকে না।

মানুষকে তুলে নিয়ে যাওয়া, গোপন স্থানে আটকে রাখা, নির্যাতন, গুলি করে হত্যা, গুম এবং পরে সবকিছু অস্বীকার করার মতো কর্মকাণ্ড যখন বিচ্ছিন্ন ঘটনা না হয়ে বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণের অংশ হয়ে ওঠে, তখন তা মানবতাবিরোধী অপরাধের রূপ নেয় বলে মন্তব্য করেন তিনি।

‘তাদের কোনো কবর থাকে না, বিদায় জানানোর সুযোগও থাকে না’

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের অসহনীয় পরিস্থিতির বর্ণনা দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এই মামলার সবচেয়ে বেদনাদায়ক দিক হলো, যাদের জীবন ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব রাষ্ট্রের ছিল, তাদের অনেকেই রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের শিকার হয়েছেন।

একজন মানুষকে ধরে নিয়ে হত্যা করা হলে শুধু একজন মানুষ মারা যান না, তার সঙ্গে একটি পরিবারের স্বাভাবিক জীবনও ভেঙে পড়ে। একজন মা দিনের পর দিন সন্তানের ফেরার অপেক্ষায় থাকেন। একটি শিশু বাবার মুখ দেখার আশায় পথ চেয়ে থাকে। একজন সন্তান জানে না, সে এতিম কি না। একজন স্ত্রী জানেন না, তিনি সধবা নাকি বিধবা; তার স্বামী বেঁচে আছেন নাকি আর কোনোদিন ফিরে আসবেন না।

তিনি বলেন, বছরের পর বছর এসব পরিবারের কাছে কোনো উত্তর থাকে না। তাদের স্বজনের কোনো কবর থাকে না, শেষবারের মতো বিদায় জানানোর সুযোগ থাকে না। তাদের জানাজা হয় না, দাফন হয় না, শেষকৃত্য হয় না।

অ্যাটর্নি জেনারেল বলেন, আইনের চোখে একজন মৃত ব্যক্তিরও কিছু অধিকার রয়েছে, যা সমাজের অন্যদের পালন করতে হয়। মুসলিমদের ক্ষেত্রে জানাজা ও দাফন এবং হিন্দুদের ক্ষেত্রে ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন করার বিষয়টি মানবিক ও ধর্মীয় দায়িত্বের অংশ। শরিয়তে জানাজা ও দাফনকে ফরজে কেফায়া বলা হয়েছে।

কিন্তু গুম ও হত্যার শিকার ব্যক্তিদের পরিবার অনেক ক্ষেত্রে সেই ন্যূনতম মানবিক অধিকার থেকেও বঞ্চিত হয়েছে। তাদের স্বজনের ভাগ্যে কী ঘটেছে, কোথায় তাদের মরদেহ, আদৌ তারা বেঁচে আছেন কি না—এসব প্রশ্নের উত্তর না পাওয়ার যন্ত্রণা বছরের পর বছর বয়ে বেড়াতে হচ্ছে পরিবারগুলোকে।

তিনি বলেন, ‘পরিবার-পরিজনের এই অপেক্ষা, অনিশ্চয়তা ও অসহায়ত্ব কোনো আদালতের নথিতে বা মামলায় পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়।’

ইলিয়াস আলীর ছেলে আবরারের দিকে তাকালে বাকরুদ্ধ হয়ে যাই

যুক্তিতর্কে বিএনপির সাবেক নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর গুমের প্রসঙ্গ তুলে অ্যাটর্নি জেনারেল বলেন, তার ছেলে আবরার এখন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি একজন যোগ্য ব্যারিস্টার। বিচারপ্রক্রিয়ায় তার উপস্থিতি ও পরিবারের অবস্থার কথা উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, মাঝে মাঝে আবরারের দিকে তাকালে তিনি বাকরুদ্ধ হয়ে যান।

তিনি আরও বলেন, তাদের একজন বন্ধু ব্যারিস্টার আরমান। যেদিন তিনি গুম হন, তার আগের দিনও আদালতের বারান্দায় তার সঙ্গে দেখা হয়েছিল। অথচ পরদিন থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিজের আইনজীবী নেতৃত্বের অভিজ্ঞতা তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা তাকে তিনবার সম্পাদক নির্বাচিত করেছেন। পরবর্তী সময়ে আরও দুইবার নির্বাচনে অংশ নিয়েছেন। কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে ওই দুই নির্বাচনের একবার তাঁর ঠিকানা হয়েছিল ঢাকা কেন্দ্রীয় কারাগার। তাকে পাঁচ দিন ডিবি কার্যালয়ে রিমান্ডেও থাকতে হয়েছিল।

তিনি বলেন, এসব কথা বলার উদ্দেশ্য হলো, ব্যারিস্টার আরমান যখন গুম হন, তখন আইনজীবীদের নেতা ও প্রতিনিধি হিসেবে তারা প্রতিবাদ জানিয়েছিলেন। ইলিয়াস আলীসহ অন্য গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের আইনি সহায়তা দেওয়ারও সুযোগ হয়েছিল তাঁদের।

বিচার নিহতদের ফিরিয়ে দিতে পারবে না, তবু বিচার প্রয়োজন

যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, এই বিচার নিহতদের জীবন ফিরিয়ে দিতে পারবে না। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের হারানো সময়, অপেক্ষা ও যন্ত্রণারও কোনো পূর্ণ প্রতিকার করতে পারবে না। যে মা সন্তানকে হারিয়েছেন, যে শিশু বাবাকে হারিয়েছে কিংবা যে স্ত্রী আজও স্বামীর ফেরার অপেক্ষায় রয়েছেন, তাদের কষ্ট কোনো রায়ের মাধ্যমে মুছে ফেলা সম্ভব নয়।

তবু বিচার প্রয়োজন। কারণ মানুষের জীবন ও মর্যাদাকে এভাবে মূল্যহীন করে দেওয়া যায় না। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে সংঘটিত অপরাধের দায় থেকে কেউ মুক্ত থাকতে পারেন না। অপরাধের সত্য উদ্‌ঘাটন এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা ন্যায়বিচার প্রতিষ্ঠার অপরিহার্য অংশ।