মজুরি বৃদ্ধির পর এবার পোশাক শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কমাতে একগুচ্ছ বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে সরকার। শ্রমিকদের পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে ‘ফ্যামিলি কার্ড’। তাদের জন্য শিল্পাঞ্চলে হবে বিশেষায়িত হাসপাতাল। তাদের ব্যয় কমাতে অযৌক্তিক বাড়ি ভাড়া বৃদ্ধি রোধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এছাড়া উৎসবের সময় বেতন-ভাতা নিশ্চিত করতে গঠন করা হবে আলাদা বিশেষ তহবিল।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, শুধু বেতন দিয়ে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় মেটানো কঠিন। তাই সরকারের উচ্চ পর্যায়ের সাথে সমন্বয় করে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৬০টি স্পটে ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী বিতরণ চলছে এবং গার্মেন্টস শ্রমিকসহ সকল শ্রমিকের পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনার প্রতিশ্রুতি পাওয়া গেছে।
স্বাস্থ্যসেবা ও আবাসন সংকট প্রসঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সাতটি শিল্প-সমৃদ্ধ অঞ্চলে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের কাজ এগিয়ে চলছে, যার মধ্যে একটি আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি বাড়ি ভাড়া যেন অযৌক্তিকভাবে বাড়ানো না হয়, সেজন্য স্থানীয় সরকার প্রতিনিধিদের মাধ্যমে শিল্পাঞ্চলে বৈঠক করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
আসন্ন ঈদ ও পূজায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিয়ে অনিশ্চয়তা দূর করতে অর্থ ও প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার পক্ষ থেকে আলাদা ‘বিশেষ তহবিল’ গঠনের আশ্বাস পাওয়া গেছে বলেও জানান শিমুল বিশ্বাস। এছাড়া আন্দোলনের কারণে কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) বা হয়রানি না করার বিষয়েও মৌখিক প্রতিশ্রুতি নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, শ্রমঘন অঞ্চলগুলোতে শ্রমিকদের সন্তানদের মানসম্মত পড়াশোনা নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়গুলোর সুযোগ-সুবিধা বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা রয়েছে। তিনি বলেন, ‘বিগত তিন বছরে চারটি গ্রেডে গড়ে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধি পেয়েছে। দেশের অন্যান্য শিল্প ও প্রতিযোগী রাষ্ট্রগুলোর মজুরি কাঠামো বিবেচনায় নিয়েই বোর্ড ঐকমত্যের ভিত্তিতে কাজ করেছে।’
প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘বাংলাদেশে এই প্রথম সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই সম্পূর্ণ নিরপেক্ষভাবে একটি মজুরি বোর্ড কাজ করেছে।’ শিল্পের স্বার্থে যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে তিনি আগামী শনিবার থেকে সারা দেশের সকল কলকারখানায় পূর্ণোদ্যমে উৎপাদন শুরুর প্রত্যাশা ব্যক্ত করেন।
গত মঙ্গলবার রাতে মজুরি বোর্ড শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণা দেয়। এতে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। কিন্তু এরপরও থামেনি বিক্ষোভ। ঘোষণার পরদিন বুধবার গাজীপুরের বিভিন্ন এলাকা ও সাভারে বিক্ষোভের ঘটনা ঘটেছে। শ্রমিকরা বিক্ষোভ করেছেন আজও। তাদের দাবি, ন্যূনতম মজুরি হতে হবে ৩০ হাজার টাকা।