Image description

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হতে ন্যূনতম স্নাতক পাসের শর্ত রাখা হয়েছে। তবে বিশেষ ক্ষেত্রে এই শর্ত শিথিল করার সুযোগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আর এই সুযোগ কাজে লাগিয়ে আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তারের আশঙ্কা করছেন শিক্ষকরা।

মন্ত্রণালয়ের ২৩ নভেম্বরের পরিপত্রে বলা হয়েছে, শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান এবং সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা বিবেচনায় সরকার বিশেষ ক্ষেত্রে সভাপতির শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করতে পারবে।

এর আগে ২০২৫ সালের ৩১ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির ন্যূনতম যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ করে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর একটি মহল এই শর্ত তুলে দেওয়া এবং শিক্ষক নিয়োগের ক্ষমতা কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার দাবি তোলে। তবে শিক্ষকদের প্রতিবাদের মুখে সেই দাবি বাস্তবায়িত হয়নি।

শিক্ষক নেতাদের আশঙ্কা, শর্ত শিথিলের সুযোগ নিয়ে স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে আবারও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর প্রভাব বিস্তার করতে পারে।

তাদের মতে, বর্তমানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে কয়েক ধাপের পরীক্ষা পেরিয়ে মেধাবীরা শিক্ষকতায় আসছেন। পরিচালনা কমিটির শীর্ষ পদে শিক্ষিত ব্যক্তি থাকলে শিক্ষকেরা সহজে যোগাযোগ করতে পারেন। অন্যথায় কর্মপরিবেশে প্রতিবন্ধকতা তৈরি হয়, নেতিবাচক প্রভাব পড়ে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি দেলাওয়ার হোসেন আজিজী টাইমসকে বলেন, ‘সভাপতি পদের ন্যূনতম যোগ্যতা স্নাতক রাখার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তবে শর্ত শিথিল করার সুযোগ না রাখলেই ভালো হতো। এই সুযোগের যেন কোনো অপব্যবহার না হয়, সেদিকে সরকারকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।’

এদিকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের চিন্তাভাবনার মধ্যে শিক্ষকদের একটি অংশ মনে করেন, প্রতিষ্ঠান পরিচালনায় প্রচলিত কমিটির আর প্রয়োজন নেই। তবে কমিটির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই মতের সঙ্গে একমত নন।

যশোরের মণিরামপুরের দেলুয়াবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘শিক্ষকেরা ঠিকমতো ক্লাস নিচ্ছেন কি না, শিক্ষার্থীদের সঙ্গে কেমন আচরণ করছেন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন হচ্ছে কি না, তা তদারকিতে কমিটির প্রয়োজন আছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাবে এসব কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান প্রকৃত শিক্ষানুরাগী না হলে হিতে বিপরীত হয়। তবে যোগ্য ও দক্ষ ব্যক্তিরা দায়িত্বে থাকলে লেখাপড়ার পরিবেশ ভালো হয়।’

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতিষ্ঠানে নিয়মশৃঙ্খলা রক্ষা, অবকাঠামো উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম বাড়ানো, পরীক্ষার ফলাফল পর্যবেক্ষণ এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে পরিচালনা কমিটি ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার্থী ঝরে পড়া রোধ ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায়ও সুপারিশ করে কমিটি। সরকারি ও বেসরকারি উভয় ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা ও জবাবদিহি নিশ্চিত করতেও এই কাঠামো গুরুত্বপূর্ণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান টাইমসকে বলেন, ‘আগে এলাকার মানুষই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতেন। শিক্ষকদের বেতনসহ সব খরচ বহন করতেন তারা। সবার প্রাতিষ্ঠানিক ডিগ্রি না থাকলেও প্রতিষ্ঠানের প্রতি গভীর আন্তরিকতা ছিল। তখন সরকারের হস্তক্ষেপও কম ছিল।’

তিনি বলেন, স্বাধীনতার পর প্রতিষ্ঠান জাতীয়করণ হলে সরকারি কর্মকর্তারা সেগুলোর নিয়ন্ত্রণ নেন। এতে স্থানীয় বিদ্যানুরাগীরা দূরে সরে যান। আশির দশকে স্থানীয়দের যুক্ত করতে আবার কমিটি প্রথা চালু করা হয়। তবে আমলা, ব্যবসায়ী ও রাজনৈতিক প্রভাবশালীরা কমিটি দখল করে নেওয়ায় সব জায়গায় এই উদ্যোগ সফল হয়নি। তারপরও ভালো মানুষের অংশগ্রহণে অনেক প্রতিষ্ঠান ভালো করছে।

প্রাতিষ্ঠানিক ডিগ্রির চেয়ে এলাকার যোগ্য ও আগ্রহী ব্যক্তিদের কমিটিতে সুযোগ দেওয়ার পক্ষে মত দেন অধ্যাপক মজিবুর রহমান। তিনি বলেন, ‘বিশ্বের সব দেশেই শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় স্থানীয়দের অংশগ্রহণ থাকে। তবে কমিটিতে ভালো মানুষদের আনা সরকারের রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর করে। এলাকার মানুষ সবাইকে চেনেন। সরকার ওপর থেকে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের নির্দেশ দিলে প্রকৃত ভালো মানুষদের দিয়েই কমিটি গঠন করা সম্ভব।’