শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডিসেম্বর মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। কর্মসূচির মধ্যে রয়েছে দেশজুড়ে গ্রাফিতি অঙ্কন, ক্যাম্পাসে স্মরণসভা, কফিন মিছিল, ওসমান হাদী ফেস্ট ও বিজয় র্যালি। এ ছাড়া আগামী ১৮ ডিসেম্বর ঢাকায় সর্বদলীয় শহীদি সমাবেশের আয়োজন করবে সংগঠনটি।
বুধবার (২৫ নভেম্বর) বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কর্মসূচি ঘোষণা করা হয়।
সভায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা বলেন, দীর্ঘ এক মাস ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির মাধ্যমে তারা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরেছেন। হাদি হত্যার বিচারের দাবিতে সাধারণ মানুষের মধ্যে যে আবেগ ও আগ্রহ দেখেছেন, তা তাদের অনুপ্রাণিত করেছে।
তিনি বলেন, বর্তমান রাষ্ট্রপতি নির্বাচনের আগের দিন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ঘোষণা দিয়েছিলেন, তার দল ক্ষমতায় এলে হাদি হত্যার বিচার করা হবে। এ ছাড়া সরকার জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করে ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। তাই সরকারকে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যাসহ দেশের সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চ রাজপথে থাকবে। আগামী ১৮ ডিসেম্বরের কর্মসূচি কোনো রাজনৈতিক দলকে মোকাবিলা করার উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে না। এর মধ্য দিয়ে সরকারকে জনগণের সাংবিধানিক ও নৈতিক অধিকার রক্ষার কথা স্মরণ করিয়ে দেওয়া হবে।
তিনি বলেন, যারা প্রশ্ন তোলার চেষ্টা করেন, ওসমান হাদির অবদান কী, তারা মূলত একজন শহীদের অবদানকে খাটো করে দেখানোর চেষ্টা করছেন। তার হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদিকে কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়েছে সব রাজনৈতিক দল, মত ও সর্বস্তরের মানুষের মতামত ও সম্মতির ভিত্তিতে।
ডিসেম্বরজুড়ে যত কর্মসূচি
ফাতিমা তাসনিম জুমা ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৮ নভেম্বর কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। ১ থেকে ৩ ডিসেম্বর সারা দেশে গ্রাফিতি অঙ্কন ও পোস্টারিং, ৪ ডিসেম্বর তাহাজ্জুদের রাত ও দেশের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল এবং ৬ ডিসেম্বর বিভিন্ন ক্যাম্পাসে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
৭ ডিসেম্বর এতিম ও পথশিশুদের নিয়ে আয়োজন এবং ৮ ডিসেম্বর সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা দিতে মেডিকেল ক্যাম্প করা হবে। ৯ ডিসেম্বর রাজনৈতিক দল ও জুলাইয়ের সব অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা করবে সংগঠনটি।
১১ ডিসেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে কফিন মিছিল এবং সারা দেশের মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। ১২ ডিসেম্বর ঘটনাস্থলে স্মৃতিফলক উদ্বোধন এবং বাদ মাগরিব বায়তুল মোকাররমে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ১৩ থেকে ১৫ ডিসেম্বর আয়োজন করা হবে ‘ওসমান হাদী ফেস্ট’।
এ ছাড়া ১৬ ডিসেম্বর বিজয় র্যালি ও সার্বভৌমত্বের শপথ এবং ১৭ ডিসেম্বর প্রামাণ্যচিত্র, কবিতা, গান ও দোয়ার মাধ্যমে স্মরণের রাত পালন করা হবে। ১৮ ডিসেম্বর দেশব্যাপী মসজিদ থেকে বিক্ষোভ মিছিল এবং ঢাকায় সর্বদলীয় শহীদি সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফজলে রাব্বি সরকার। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম।