Image description

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী ও সুমনসহ গুমের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

আজ বুধবার সকালে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গুমের শিকার প্রায় ২০০ জনের এখনো সন্ধান পাওয়া যায়নি। এসব অভিযোগের বিষয়ে সম্মিলিতভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ করে যত দ্রুত সম্ভব আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করব।’

চিফ প্রসিকিউটর বলেন, ‘এরই মধ্যে কিছু গুমের মামলার বিচার চলছে। বেশ কয়েকটি শুনানি পর্যায়ে রয়েছে। গুমের ওপর আইন পাস হয়েছে। অর্থাৎ ব্যাপক ও পদ্ধতিগত যেসব গুমের অপরাধ রয়েছে, সেসব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য হবে।’

তদন্তাধীন মামলার অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী, বিএনপি নেতা সুমনসহ অন্য সব গুমের মামলার তদন্ত চলমান রয়েছে। বিশেষত গুমের শিকার ২০০ জনের মতো ভুক্তভোগীর এখনো সন্ধান পাওয়া যায়নি। তাঁরা বেঁচে আছেন কি না, সেটিও নিশ্চিত নয়। তাই আমরা সব গুমের বিষয়ে সম্মিলিত তদন্ত করছি।’

তিনি আরও বলেন, ‘গুমের তদন্ত ব্যাপক হওয়ায় শত শত ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলা, সাক্ষ্যগ্রহণ ও প্রয়োজনীয় আলামত সংগ্রহের কার্যক্রম চলছে। এসব কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে খুব শিগগির পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের আশা করছি আমরা। এরপর গুমের ঘটনাগুলোর বিষয়ে বিচারের ব্যবস্থা করা হবে।’