নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় আসামিদের করা আপিলের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে আপিল বিভাগের কার্যতালিকায় থাকা মামলাটির শুনানি শুরু করেন আসামিপক্ষের আইনজীবীরা।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বুধবার জানান, আপিল বিভাগের কার্যতালিকায় মামলাটি শুনানির জন্য তৃতীয় অবস্থানে ছিল।
সকালে আসামিপক্ষের আইনজীবীরা শুনানি শুরু করেন।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। অপহরণের তিন দিন পর তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অন্য ছয়জন হলেন নজরুল ইসলামের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, তার গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তাঁর গাড়িচালক ইব্রাহিম।এ ঘটনায় দুটি হত্যা মামলা করা হয়। নজরুল ইসলাম ও তাঁর চার সহকর্মী হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ফতুল্লা থানায় একটি মামলা করেন। অন্যদিকে আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল আরেকটি মামলা করেন।
দুটি মামলার বিচারিক কার্যক্রম একসঙ্গে পরিচালনা শেষে ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত রায় ঘোষণা করেন।
রায়ে নূর হোসেন ও র্যাবের বরখাস্ত তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাকি ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। পাশাপাশি মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পরে মামলার নথি প্রস্তুত শেষে ২০১৭ সালের ২২ মে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। টানা ৩৩ কার্যদিবস শুনানি শেষে ওই বছরের ২২ আগস্ট রায় দেন হাইকোর্ট।
হাইকোর্টের রায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ২৬ আসামির মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। বাকি ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পাওয়া অপর ৯ আসামির সাজাও বহাল রাখেন উচ্চ আদালত।
মৃত্যুদণ্ড বহাল থাকা আসামিদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেন এবং র্যাব-১১-এর চাকরিচ্যুত তিন কর্মকর্তা সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মুহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মাসুদ রানা।
অন্য ১১ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তাঁরা হলেন র্যাবের চাকরিচ্যুত সাবেক সিপাহী আসাদুজ্জামান নূর ও সার্জেন্ট এনামুল কবির এবং নূর হোসেনের সহযোগী মূর্তজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দিপু, আবুল বাশার, রহম আলী, জামাল উদ্দিন সরদার, ভারতে গ্রেপ্তার সেলিম, সানাউল্লাহ সানা ও শাহজাহান।
বিচারিক আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পাওয়া ৯ আসামির সাজাও বহাল রাখেন হাইকোর্ট। তাঁদের মধ্যে কনস্টেবল হাবিবুর রহমানকে ১৭ বছর, এএসআই আবুল কালাম আজাদ, এএসআই কামাল হোসেন, কনস্টেবল বাবুল হাসান, করপোরাল মোখলেসুর রহমান, ল্যান্স করপোরাল রুহুল আমিন ও সিপাহী নুরুজ্জামানকে ১০ বছর করে এবং এএসআই বজলুর রহমান ও হাবিলদার নাসির উদ্দিনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। গত ১৮ অক্টোবর রাষ্ট্রপক্ষের আবেদনের পর মামলাটির আপিল দ্রুত শুনানির জন্য আপিল বিভাগের চেম্বার আদালত কার্যতালিকায় অন্তর্ভুক্ত করেন।
শীর্ষনিউজ