Image description

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের (ওডিএনআই) ব্যবহৃত তথ্য বিশ্লেষণ ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে কিছু অগোপনীয় তথ্য ফাঁস হয়েছে। তবে গোপনীয় নথিপত্রের নিরাপত্তা বিঘ্নিত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ছাড়া এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অন্যান্য কেন্দ্রীয় সরকারি সংস্থার তথ্যও ফাঁস হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, একটি ওপেন সোর্স গোয়েন্দা তথ্য নেটওয়ার্কে এই সাইবার হামলা চালানো হয়। নেটওয়ার্কটিতে বিভিন্ন উন্মুক্ত উৎস থেকে সংগৃহীত তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট, স্যাটেলাইটের ছবি এবং অর্থের বিনিময়ে কেনা বিভিন্ন তথ্য একত্র করে বিশ্লেষণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, হামলায় গোপনীয় নথিপত্রের কোনো ক্ষতি হয়নি।

তবে যুক্তরাষ্ট্রের অন্যান্য কেন্দ্রীয় সরকারি সংস্থার তথ্যও এই হামলায় ফাঁস হয়ে থাকতে পারে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারীরা এখনো হামলাকারীদের পরিচয় শনাক্ত করতে পারেননি। একই সঙ্গে ঠিক কোন কোন তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, তা-ও প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে নিউইয়র্ক টাইমসের কাছে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সিআইএ।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা ওডিএনআইও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলোতে সাম্প্রতিক সময়ে একের পর এক সাইবার হামলা ও প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনা ঘটছে। গত সপ্তাহে সাইবার নিরাপত্তাজনিত ঘটনার পর দেশটির কৃষি বিভাগ অভ্যন্তরীণ কয়েকটি অ্যাপ্লিকেশন বন্ধ করে দেয়।

এর আগে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের জাতীয় অপরাধ তথ্যকেন্দ্রেও (এনসিআইসি) সাইবার হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রজুড়ে অপরাধসংক্রান্ত তথ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ এই ডেটাবেজে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, বিষয়টি ‘ভালো নয়’।

এদিকে যুক্তরাষ্ট্রের সিগন্যাল গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোপন নেটওয়ার্কেও গত সপ্তাহে কয়েক দিন অচলাবস্থা দেখা দেয়। তবে এই অচলাবস্থার পেছনে সাইবার হামলার কোনো সংশ্লিষ্টতা ছিল না।

এর আগে চলতি মাসের শুরুতে রাউটার রক্ষণাবেক্ষণজনিত সমস্যার কারণে যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইট চলাচল বন্ধ রাখতে হয়েছিল।

শীর্ষনিউজ