নানা সীমাবদ্ধতা ও চিকিৎসক সংকটের মধ্যেও সীমান্তবর্তী জনপদের অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য নিরাপদ মাতৃত্বসেবার ভরসাস্থল হয়ে উঠেছে দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চলতি বছরের প্রথম ১০ মাসে হাসপাতালটিতে ৫২৭ জন প্রসূতির স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) সম্পন্ন করা হয়েছে। এতে কোনও খরচ হয়নি রোগীদের। সম্পূর্ণ সরকারি খরচে চিকিৎসাসেবা পাচ্ছেন রোগীরা।
কম খরচে নিরাপদে সন্তান জন্ম দেওয়ার সুযোগ থাকায় স্বাভাবিক প্রসবের জন্য এই সরকারি হাসপাতালে আসছেন আশপাশের বিভিন্ন এলাকার প্রসূতি নারীরা। সীমিত জনবল নিয়েই স্বাভাবিক প্রসবসেবাকে গুরুত্ব দিয়ে কাজ করছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। অথচ প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন ৫০০ থেকে ৭০০ রোগী। চিকিৎসকের ৩১টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১১ জন। এখনও চালু হয়নি অপারেশন থিয়েটার। ফলে সীমিত জনবল দিয়ে বিপুলসংখ্যক রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এরপরও আশপাশের বিভিন্ন এলাকার মানুষের আস্থা অর্জন করেছে হাসপাতালটি। বিশেষ করে প্রসূতি মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে চিকিৎসক ও মিডওয়াইফদের নিবিড় তত্ত্বাবধানে এখানে স্বাভাবিক প্রসবসেবা দেওয়া হচ্ছে।
হাসপাতালে মেয়েকে নিয়ে আসা রহিমা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখানে অনেক সুযোগ-সুবিধা, ভালো চিকিৎসাও পাওয়া যায়। সে জন্যই মেয়েকে নিয়ে এসেছি। এখানে নরমাল ডেলিভারি করানো হয়। বাচ্চাদের অনেক সেবা দেওয়া হয়, মায়েদেরও সেবা দেওয়া হয়। সবারই সেবা দেওয়া হয়।’
হাসপাতালে আসা বিথি আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা তো গরিব মানুষ। আমাদের সিজার করার সামর্থ্য নেই। এ জন্য এখানে সরকারি হাসপাতালে এসেছি। এখানে নরমাল বাচ্চা হয়েছে, এখন ভালো আছে। এখানকার চিকিৎসাও অনেক ভালো।’
প্রসূতি রাবেয়া বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এলাকার অনেক মানুষের কাছে শুনেছি, বিরামপুর হাসপাতালে খুব ভালো চিকিৎসা দেওয়া হয়। এখানে নরমাল ডেলিভারি করানো হয়। সে জন্য এখানে নরমাল ডেলিভারি করাতেই এসেছি। তারা খুব সুন্দরভাবে আমাকে সেবা দিয়ে যাচ্ছেন। আমি এখন খুব ভালো আছি। আশা করছি, নরমালেই বাচ্চা হবে, কোনও সমস্যা হবে না।’
এতে কোনও খরচ হয়নি রোগীদের। সম্পূর্ণ সরকারি খরচে চিকিৎসাসেবা পাচ্ছেন রোগীরা
বোনকে নিয়ে হাসপাতালে আসা নারগিস আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার বোনের পেটে বাচ্চা। আশপাশের অনেকের কাছেই শুনেছি, বিরামপুর হাসপাতালে খুব ভালো চিকিৎসা দেওয়া হয়, এখানে নরমালে বাচ্চা ডেলিভারি হয়। ভালো চিকিৎসা পাওয়া যায়। সে জন্য বোনকে নিয়ে এই হাসপাতালে এসেছি। ক্লিনিকে গেলে অনেক টাকা-পয়সা লাগে, আবার সেখানে সিজার করতে বলে। এ কারণে এই হাসপাতালে নরমালে বাচ্চা হওয়ার জন্য নিয়ে এসেছি।’
প্রসূতি রহিমা বেগম বলেন, ‘নরমাল ডেলিভারি করার জন্য আমি বিরামপুর সরকারি হাসপাতালে এসেছি। ক্লিনিকে না গিয়ে হাসপাতালে আসায় আমার অনেক উপকার হয়েছে। এখানে আমার নরমাল ডেলিভারি হয়েছে, সিজার করতে হয়নি। সিজার করতে গেলে অনেক সমস্যা দেখা দিতে পারত। কাটাছেঁড়ার সমস্যা ছাড়াও নানা ধরনের রোগের ঝুঁকি থাকতে পারতো। আল্লাহর রহমতে এখানে এসে নরমাল ডেলিভারি হয়েছে। এখন সুস্থ বোধ করছি।’
ছেলের বউকে নিয়ে আসা কুলসুমা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগে তো বাড়িতেই সবার ডেলিভারি হতো, কোনও অসুবিধা হতো না। এখন বাড়িতে ডেলিভারি হচ্ছে না। হাসপাতালে নিতে হচ্ছে, নয়তো ক্লিনিকে নিয়ে যেতে হচ্ছে। আমরা তো গরিব মানুষ। এ জন্য ছেলের বউকে নিয়ে হাসপাতালেই এসেছি। নরমালেই বাচ্চা হয়েছে। ভালো আছে, সুস্থ আছে।’
এ ব্যাপারে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার সেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সব সময় নরমাল ডেলিভারিকে প্রাধান্য দিই। নরমাল ডেলিভারি করানোর জন্য আমাদের চারজন দক্ষ মিডওয়াইফ রয়েছেন। তাদের সহযোগিতা করেন সিনিয়র স্টাফ নার্সরা। সার্বিক দায়িত্বে রয়েছেন মেডিক্যাল অফিসাররা। তারা সব সময় নরমাল ডেলিভারির রোগীদের খোঁজখবর রাখেন।’
তিনি বলেন, ‘চলতি বছরের গত ১০ মাসে আমাদের এখানে সর্বমোট ৫২৭ জন রোগীর নরমাল ডেলিভারি হয়েছে। আমাদের কাছে নরমাল ডেলিভারি বেশি প্রাধান্য পাচ্ছে, কারণ আমরা নিরাপদ মাতৃত্বের কথা ভাবি। আমরা মনে করি, একজন মায়ের নরমাল ডেলিভারি শুধু একটি শিশুর জন্ম নয়; বরং একটি আশা, আকাঙ্ক্ষা ও স্বপ্নের বাস্তবায়ন। এই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। এজন্য রোগীদের তেমন কোনও খরচ বহন করতে হয় না। শুধুমাত্র হাসপাতালে ভর্তি বাবদ ১০ টাকার একটি টিকিট ফি প্রযোজ্য হয়। ডেলিভারির মূল চিকিৎসাসেবা এবং ওষুধপত্র সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন রোগীরা।’
ডা. সুব্রত কুমার সেন আরও বলেন, ‘নরমাল ডেলিভারির ক্ষেত্রে আমাদের জনবল আরেকটু বাড়ানো গেলে সেবার মান আরও বাড়াতে পারতাম। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আশ্বস্ত করেছেন, জনবলের ঘাটতি পূরণ করে নরমাল ডেলিভারির মান ও সেবার পরিধি আরও বাড়াতে সহযোগিতা করবেন।’