Image description

বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল পূর্ণিমার চাঁদ দেখতে যাচ্ছে বিশ্ববাসী। মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যাস্তের পর আকাশে দেখা মিলবে ‘বিভার সুপারমুন’-এর। পূর্ণিমার এ বিশেষ চাঁদ রাত ৮টা ৫৩ মিনিটে পূর্ণতম রূপ ধারণ করবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে বিরল এই মহাজাগতিক দৃশ্য।

মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, চাঁদ তার উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে (পেরিজি) পৌঁছানোর সময় পূর্ণিমা হলে তাকে সুপারমুন বলা হয়। এ কারণে স্বাভাবিক পূর্ণিমার তুলনায় সুপারমুনকে আকাশে কিছুটা বড় ও উজ্জ্বল দেখায়।

নাসা জানিয়েছে, আজকের বিভার সুপারমুন বছরের অন্যান্য পূর্ণিমার চাঁদের তুলনায় আকারে প্রায় ১৪ শতাংশ বড় এবং উজ্জ্বলতায় ৩০ শতাংশ পর্যন্ত বেশি মনে হতে পারে। এদিন পূর্ণিমার চাঁদের কাছাকাছি আকাশে দেখা যাবে পরিচিত তারাগুচ্ছ প্লাইয়াডিস, যা ‘সাত বোন’ নামেও পরিচিত।

 
 

শুধু নভেম্বরের এই পূর্ণিমাই নয়, আজকের বিভার সুপারমুনের মধ্য দিয়ে শুরু হচ্ছে ধারাবাহিক সুপারমুনের পর্ব। এর পর পর্যায়ক্রমে ২৪ ডিসেম্বর, ২২ জানুয়ারি এবং ২০ ফেব্রুয়ারিতেও দেখা মিলবে সুপারমুনের।

 
 

বিভার সুপারমুন দেখার সেরা সময়

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যাস্তের পর থেকেই আকাশে দেখা যাবে বিভার মুন। তবে চাঁদ তার পূর্ণতম রূপে পৌঁছাবে রাত ৮টা ৫৩ মিনিটে। তাই এই সময়ের আশপাশে আকাশ পরিষ্কার থাকলে উপভোগ করা যাবে পূর্ণিমার চাঁদের বিশেষ সৌন্দর্য।

কোথায় দেখা যাবে এই সুপারমুন?

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার সন্ধ্যা ও রাতে দেখা যাবে বিভার সুপারমুন। এ দৃশ্য উপভোগ করতে বিশেষ কোনো যন্ত্রের প্রয়োজন নেই। খোলা জায়গা থেকে আকাশের দিকে তাকালেই দেখা মিলতে পারে বছরের অন্যতম উজ্জ্বল এই পূর্ণিমার চাঁদের।

সূত্র: এসএএনএম