সিলেট নগরীতে মশার তীব্র উপদ্রব বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে সমাবেশ ও প্রতীকী মশারী মিছিল করেছেন নগরবাসী। আগামী এক মাসের মধ্যে মশক নিধনে দৃশ্যমান ও স্থায়ী পদক্ষেপ নেওয়া না হলে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কার্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালনের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ শেষে এ কর্মসূচি পালন করা হয়। সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে মশারি টানিয়ে প্রতীকী শোভাযাত্রা বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জিন্দাবাজার ও ঐতিহাসিক কোর্ট পয়েন্ট প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, দিন দিন সিলেট নগরী নাগরিক দুর্ভোগের শহরে পরিণত হচ্ছে। বর্ষায় জলাবদ্ধতা, শুষ্ক মৌসুমে ধুলাবালি এবং শীতের শুরুতে মশার উপদ্রবে নগরজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
বক্তারা সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রমের সমালোচনা করে বলেন, মশা নিধনের নামে যে ওষুধ ছিটানো হচ্ছে, তা লোকদেখানো ও অকার্যকর। এতে মশার উপদ্রব কমছে না। আগামী এক মাসের মধ্যে নগরবাসী মশার উপদ্রব নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন না দেখলে মশক নিধনের বিভিন্ন সামগ্রী নিয়ে সিসিক কার্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় সভাপতি মো. আজিজুর রহমান আজিজ।
সংস্থাটির মহানগর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন মো. তালেব হোসেন, এম এ আলী জালালাবাদী, মোহাম্মদ আব্দুস সালাম, চিত্ত রঞ্জন দাস, মো. সাহেদ আহমদ শান্ত, শংকর বিশ্বাস ও মো. নুর হোসেন। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ নগরবাসী অংশ নেন।