Image description

খুলনায় দ্বিতীয়বার কালি দিয়ে মুখ ঢেকে দেওয়ার পর একই স্থানে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি এঁকেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নতুন করে প্রতিকৃতিটি আঁকেন চিত্রশিল্পী রেজাউল করিম রেজা।

৫ নভেম্বর নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রম উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে কেসিসির উদ্যোগে নগরের রেলস্টেশন, জেলা স্টেডিয়াম, শহীদ হাদিস পার্কসহ বিভিন্ন স্থানে দেয়ালে জুলাই অভ্যুত্থান, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্পের গ্রাফিতির পাশাপাশি খুলনা অঞ্চলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা গুণীজনদের প্রতিকৃতি আঁকা হয়।

৬ নভেম্বর নগরীর লোয়ার যশোর রোডে শিববাড়ি মোড় সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি কালি দিয়ে ঢেকে দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনার পর কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নিজে উপস্থিত থেকে আবারও নতুন করে প্রতিকৃতি আঁকানোর উদ্যোগ নেন।

কিন্তু ওই ঘটনার মাত্র ১২ দিনের মাথায় গত ২২ নভেম্বর ফের দুর্বৃত্তরা সেই প্রতিকৃতিতে কালি দেয়। মঙ্গলবার একইস্থানে তৃতীয় দফায় রবি ঠাকুরের প্রতিকৃতি আঁকায় সিটি করপোরেশন।