বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত করে দেওয়া হয়েছে বহুল প্রত্যাশিত মালয়েশিয়ার শ্রমবাজার। ফলে শুরু হয়েছে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া। তবে বারবার ঘোষণার পরও যাত্রার সময়সূচি পরিবর্তন, অভিবাসন খরচ নিয়ে ধোঁয়াশা ও স্বাস্থ্য পরীক্ষার নতুন বিধিমালার কারণে সরকারের সার্বিক প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠছে। আশঙ্কার কথা হলো- আগের মতোই দেশের ভেতরে বিশেষ করে গ্রামাঞ্চলে অসাধু সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। তারা মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করছে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে বারবার সতর্কতা জারি করা হলেও কোনো কাজে আসছে না।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কথা থাকলেও সরকার নতুন করে মাসের শেষ নাগাদ লক্ষ্য নির্ধারণ করেছে। এরই মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেল সেন্টারগুলোর জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে।
এর আগে গত ২৮ অক্টোবর প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, ‘১ নভেম্বরের মধ্যে নিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এতে অন্যান্য প্রক্রিয়া সাপেক্ষে মেডিকেল পরীক্ষার দুই থেকে চার দিনের মধ্যে কর্মীরা দেশত্যাগ করতে পারবেন।’ নভেম্বরের প্রথম সপ্তাহে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেল এবং বেসরকারি রিক্রুটিং এজেন্সি—উভয়ের মাধ্যমেই কর্মী পাঠানো শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কোনো কর্মী পাঠানো ছাড়াই সেই সময়সীমা পার হয়ে গেছে।
গত ৫ নভেম্বর প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছিলেন, বিনা খরচে কর্মী নিয়োগ কার্যক্রমের আওতায় সরকার ডিসেম্বরে প্রথম দুই বা তিনটি ফ্লাইটে কর্মী পাঠানোর আশা করছে। পরে ১২ নভেম্বর বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সংস্থাটি ডিসেম্বরের আগেই তাদের প্রথম ব্যাচ মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা করছে। এর তিন দিন পর মন্ত্রী সংসদে বলেন, ‘নভেম্বরের শেষ নাগাদ কর্মীদের যাত্রা শুরু হবে।’
এদিকে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ঘিরেও একধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২৮ অক্টোবর মন্ত্রণালয় ঘোষণা দেয়, ‘৩১ অক্টোবর থেকে মেডিকেল পরীক্ষা শুরু হবে এবং আগের কোনো পরীক্ষার রিপোর্ট অভিবাসন ছাড়পত্রের জন্য গ্রহণ করা হবে না। পরে ফি নির্ধারণ করা হয় আট হাজার টাকা।’
অপরদিকে ১৬ নভেম্বর মন্ত্রণালয় জানায়, অনুমোদিত ৫১টি কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা চলছে। তবে প্রাথমিক তারিখ পার হয়ে যাওয়ার পরও কেন অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা এবং স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা চূড়ান্ত হতে দেরি হলো, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ের জারি করা ১১ নির্দেশনায় নিয়োগদাতার চাহিদাপত্রে উল্লিখিত কর্মী সংখ্যার চেয়ে সর্বোচ্চ ৫ শতাংশ বেশি মেডিকেল স্লিপ ইস্যুর সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোকে স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত দৈনিক রেকর্ড রাখতে হবে এবং কর্মীদের নাম, পাসপোর্ট ও ভিসা নম্বরসহ অন্যান্য তথ্য অনলাইনে পাঠাতে হবে।
নির্দেশনায় বারবার পরীক্ষার নামে কর্মীদের ইচ্ছাকৃতভাবে ‘আনফিট’ (অযোগ্য) ঘোষণা করা এবং জাল মেডিকেল রিপোর্ট তৈরি বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশে ফিট ঘোষিত কোনো কর্মী চাকরি নিশ্চিত হওয়ার আগেই মালয়েশিয়ায় ‘আনফিট’ প্রমাণিত হলে, তাকে দেশে ফেরত আনার খরচসহ সমস্ত ব্যয় সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকেই বহন করতে হবে।
মন্ত্রণালয় আরও বলেছে, মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ আট হাজার টাকা হবে। ‘মাইগ্রাম’-এর নামে কোনো অর্থ আদায় করা যাবে না। এসব নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিল এবং অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এ ছাড়া মন্ত্রণালয় একটি তদারকি দলও গঠন করবে।
অভিবাসন খরচ নিয়ে বিভ্রান্তি
গত ২৮ অক্টোবর প্রতিমন্ত্রী নুরুল হক ধারণা দেন, বেসরকারি এজেন্সির মাধ্যমে খরচ তিন থেকে চার লাখ টাকা এবং বিনা খরচের উদ্যোগের বাইরে বোয়েসেলের মাধ্যমে এক লাখ ৫৫ হাজার টাকা থেকে এক লাখ ৬০ হাজার টাকা হতে পারে। তবে তিনি স্পষ্ট করেন, বেসরকারি খাতের এই হিসাব তার ব্যক্তিগত ধারণা, কোনো সরকারিভাবে নির্ধারিত হার নয়।
আর গত ৫ নভেম্বর অভিবাসন খরচ আড়াই থেকে তিন লাখ টাকার মধ্যে রাখার বিষয়ে রিক্রুটিং এজেন্সিগুলোর প্রস্তাবকে স্বাগত জানান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ১২ নভেম্বর তিনি সরকার-নির্ধারিত সর্বোচ্চ এক লাখ ৫৪ হাজার টাকার ব্যয়সীমা ঘোষণা করেন। এরপর ১৫ নভেম্বর সংসদে বিষয়টি পুনর্ব্যক্ত করে অতিরিক্ত অর্থ আদায়ের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন।
সংসদ অধিবেশন চলাকালে এনসিপি সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ বলেন, কর্মীদের কাছ থেকে সাত থেকে আট লাখ টাকা চাওয়া হচ্ছে। খরচ তদারকির জন্য একটি পৃথক সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি। তবে মন্ত্রী এই প্রস্তাবের সরাসরি কোনো উত্তর দেননি।
এদিকে বেসরকারি রিক্রুটাররা সতর্ক করে জানিয়েছেন, প্রকৃত খরচ ছয় থেকে সাত লাখ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। আর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম সারাবাংলার বলেন, এক লাখ ৫৪ হাজার টাকার খরচসীমা ‘অবাস্তব’। সেই সঙ্গে তিনি অতিরিক্ত অর্থ আদায় ঠেকাতে একটি যৌক্তিক হার নির্ধারণ এবং ডিজিটাল নজরদারি চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মালয়েশিয়া অনুমোদিত বাংলাদেশি এজেন্সি ২৫টি
এদিকে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য পঁচিশটি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশ করে মালয়েশিয়ার সরকার। মালয়েশিয়া সরকারের অনলাইনভিত্তিক কেন্দ্রীয় অভিবাসী কর্মী ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম (ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম বা এফডব্লিউএমএস) এই তালিকা প্রকাশ করেছে।
প্রসঙ্গত, বাংলাদেশ থেকে জনশক্তি রফতানির তালিকায় চতুর্থ দেশ হিসেবে রয়েছে মালয়েশিয়া। কিন্তু এরপরও এ দেশের শ্রমবাজার নিয়ে বিভিন্ন সময় নানা টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। বিভিন্ন সময় দফায় দফায় বন্ধ ছিল সেখানকার বাংলাদেশের শ্রমবাজার। সর্বশেষ ২০২৪ সালের জুন থেকে সেদেশে বন্ধ হয়ে যায় বাংলাদেশসহ সব দেশের শ্রমবাজার।
বাংলাদেশের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ওয়েবসাইটে থাকা তথ্য বলছে, ১৯৭৬ সাল থেকে বিভিন্ন দেশের শ্রমবাজারে বাংলাদেশের যাত্রা শুরু হলেও মালয়েশিয়ার বাজারে শুরু হয় দুই বছর পর। ১৯৭৮ সালে প্রথম মাত্র ২৩ জন শ্রমিকের যাওয়ার মধ্য দিয়ে খোলে মালয়েশিয়ার শ্রমবাজার।
বিভিন্ন হিসাবে দেখা যায়, মালয়েশিয়ায় এখন পর্যন্ত বাংলাদেশ থেকে শ্রমিক গেছে সাড়ে ১৪ লাখেরও বেশি, যা বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমবাজারের নয় শতাংশেরও বেশি। তবে বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই শ্রমবাজার বন্ধ থাকে। যে কারণে জনশক্তি খাতের ব্যক্তিদের কাছে মালয়েশিয়ার শ্রমবাজার ‘আনস্টেবল মার্কেট’ হিসেবে চিহ্নিত।
অতিরিক্ত অর্থ আদায় ও প্রতারণার অভিযোগ
এদিকে শ্রমবাজার পুরোপুরি চালুর আগেই উঠে আসছে অতিরিক্ত অর্থ আদায় ও প্রতারণার অভিযোগ উঠেছে। বিশেষ করে স্বাস্থ্য পরীক্ষার নামে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ। আগেরবারও মেডিকেল পরীক্ষার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। প্রতারণার শিকার হয়েছিলেন অসংখ্য কর্মী। এবারও সেই একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
এবার মালয়েশিয়ার শ্রমবাজার চালুর ঘোষণার পর দুই দফায় ২৫টি এজেন্সির আওতায় ৩১২টি সাব এজেন্সি এবং ৫০টির বেশি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে তালিকা প্রকাশের পরও কর্মী নিয়োগের সামগ্রিক প্রক্রিয়া এবং বিদেশ যেতে মোট কত টাকা খরচ হবে, তা নিয়ে স্পষ্টতা তৈরি হয়নি। একদিকে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট অভিবাসন ব্যয়ের কথা বলা হচ্ছে, অন্যদিকে বিদেশগামীদের কাছে কয়েকগুণ বেশি অর্থ দাবির অভিযোগ উঠছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, একজন কর্মীর মালয়েশিয়া যেতে খরচ হবে ১ লাখ ৫৪ হাজার টাকা। অন্যদিকে, প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২ লাখ টাকায় মালয়েশিয়ায় যেতে পারবেন কর্মীরা। সরকারের এই ঘোষণার সঙ্গে বাস্তবে বিদেশগামীদের কাছে চাওয়া অর্থের বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে।
প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বেসরকারিভাবে কর্মী পাঠানোর ক্ষেত্রেও সরকার নির্ধারিত খরচের বাইরে অতিরিক্ত অর্থ নেওয়ার সুযোগ নেই। বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় যেতে ব্যয় হবে ১ লাখ ৫৪ হাজার টাকা। নির্ধারিত নিয়মের বাইরে অর্থ আদায় বা অন্য কোনো অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিন্তু মাঠপর্যায়ের চিত্রে দেখা যাচ্ছে ভিন্ন পরিস্থিতি। মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার জন্য পাসপোর্ট জমা নেওয়া হচ্ছে। পাশাপাশি দেশটিতে যাওয়ার জন্য অনেকের কাছে পাঁচ থেকে ছয় লাখ টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আগেরবার স্বাস্থ্য পরীক্ষার নামে বিপুল অর্থ আদায়ের অভিযোগ থাকায় নতুন করে একই প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন বিদেশগামীরা।
মালয়েশিয়াগামী এককর্মী সারাবাংলাকে জানান, ২০২৪ সালেও সরকার কম খরচে কর্মী পাঠানোর কথা বলেছিল। কিন্তু শেষ পর্যন্ত কলিং ভিসায় মালয়েশিয়া যেতে অনেককে পাঁচ লাখ টাকার বেশি গুনতে হয়েছে। ফলে এবারও সরকারি ঘোষণার সঙ্গে বাস্তব খরচের মিল থাকবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
আরেক কর্মীর অভিযোগ, মালয়েশিয়া যেতে তার কাছে সাড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচের কথা বলা হয়েছে। অথচ সরকারের পক্ষ থেকে নির্ধারিত খরচের পরিমাণ অনেক কম। এত বড় ব্যবধানের কারণ জানতে চাইলেও তিনি সন্তোষজনক ব্যাখ্যা পাননি। আরেকজনের ভাষ্য, অতীতেও সরকার বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বাস্তবে সেসব প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যায়নি। ফলে নতুন করে শ্রমবাজার চালুর উদ্যোগের মধ্যেই কর্মীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
কলিং ভিসায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হওয়ার আগেই দালালচক্রের তৎপরতার অভিযোগ সামনে আসায় আগের অভিজ্ঞতার পুনরাবৃত্তির আশঙ্কা করছেন অনেকে। বিশেষ করে সরকার নির্ধারিত ব্যয়ের বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা হলে বিদেশগামী কর্মীদের আর্থিক ঝুঁকি আরও বাড়বে। এমন পরিস্থিতিতে অভিবাসন ব্যয় নির্ধারণের ক্ষেত্রে বাস্তবতা বিবেচনায় নেয়ার পাশাপাশি পুরো নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলছেন অভিবাসন বিশ্লেষকরা। তাদের মতে, শুধু খরচ নির্ধারণ করলেই হবে না, সেই খরচ বাস্তবে কার্যকর হচ্ছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে।
অভিবাসন বিশ্লেষক আসিফ মুনির সারাবাংলাকে বলেন, ‘কর্মীরা যদি সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় যেতেন এবং সেখানে সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি পেতেন, তাহলে পুরো প্রক্রিয়ার দায়িত্ব সরকার নিতে পারত। কিন্তু বেসরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার কীভাবে নির্ধারিত খরচ নিশ্চিত করবে, সেটিও বিবেচনার বিষয়।’