কক্সবাজারের রামু উপজেলার মিঠাছড়িতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার আহত যাত্রী তানিয়া সুলতানা (২২) মারা গেছেন।
আজ সোমবার সকাল সাতটায় চট্টগ্রামে হাসপাতালে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার দিনই তানিয়ার স্বামী ও পাঁচ মাসের শিশু সন্তান মারা যায়। এ নিয়ে ওই ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচে। দুর্ঘটনায় নিহত কাশিফার ৭ মাসের মেয়ের চিকিৎসা এখনো চলছে।
গত শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
সেদিন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল (২৮), তার বোন কাশিফা জান্নাত রায়হান (২০), শিশু সাহিল (৩) ও পাঁচ মাস বয়সী আরেক শিশু মাশরুফার মৃত্যু হয়।
চিকিৎসাধীন ছিলেন রুবেলের স্ত্রী তানিয়া সুলতানা, কাশিফার স্বামী সাকিল, তাদের এক শিশু সন্তান এবং সিএনজিচালক জয়নাল আবেদীন।
নিহতদের স্বজনরা জানান, ওইদিন জোহরের নামাজের পর তারা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এসময় ট্রেন আসার শব্দ পেয়েও চালক সিএনজি না থামিয়ে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করেন। এসময় ঢাকা-কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত হন আরও কয়েকজন।
রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বলেন, গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। সোমবার আরও একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।