দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অতিদরিদ্র মানুষ হিসেবে সরকারি মানবিক সহায়তা পাওয়ার যোগ্যতায় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এমন সাহায্য পেতে হলে নির্ধারিত ১২টি শর্তের মধ্যে অন্তত চারটি পূরণ করতে হবে। পাশাপাশি ভিজিএফ, জিআর, খাদ্যশস্য, শিশুখাদ্য, পশুখাদ্য, শীতবস্ত্র এবং ঘর নির্মাণে ঢেউটিন ও আর্থিক সহায়তার পরিমাণও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
একই সঙ্গে বিতরণ পদ্ধতিতে পরিবর্তন এনেছে সরকার। কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সুবিধাভোগীদের ডিজিটাল ডাটাবেজ তৈরির পাশাপাশি ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলা পর্যায়ে তালিকা প্রণয়ন ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়াও নির্ধারণ করা হয়েছে। এছাড়া বরাদ্দ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে সহায়তা বিতরণ শেষ করার বাধ্যবাধকতা রাখা হয়েছে। তালিকা বা সহায়তা নিয়ে কারও আপত্তি থাকলে তা নিষ্পত্তির জন্য নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১৫ কার্যদিবস সময়।
এসব বিধান রেখে ‘মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা, ২০২৬’ জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ২০১২-১৩ সালের বিদ্যমান নির্দেশিকা সংশোধন ও হালনাগাদ করে নতুন নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। গত ১২ অক্টোবর মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি-১ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নির্দেশিকাটি গেজেটে প্রকাশিত হয় ১০ নভেম্বর।
নতুন নির্দেশিকা অনুযায়ী, স্বাভাবিক অবস্থায় দুস্থ ও অতিদরিদ্র পরিবার, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার, সাময়িক খাদ্য সংকটে পড়া দরিদ্র জনগোষ্ঠী, অপুষ্টির ঝুঁকিতে থাকা প্রাথমিক স্তরের শিক্ষার্থী, ধর্মীয় উৎসব পালনে অসচ্ছল জনগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের মানুষ, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠী এবং নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত পরিবার মানবিক সহায়তা পাওয়ার আওতায় থাকবে। প্রয়োজনে সরকার অন্য ব্যক্তি, পরিবার বা জনগোষ্ঠীকেও এ কর্মসূচির অন্তর্ভুক্ত করতে পারবে।
১২ শর্তের চারটি পূরণ করলেই বিবেচনা
দুস্থ ও অতিদরিদ্র পরিবার চিহ্নিত করার জন্য নির্দেশিকায় ১২টি মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অন্তত চারটি শর্ত পূরণ করলে সংশ্লিষ্ট পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুস্থ বা অতিদরিদ্র হিসেবে বিবেচনা করা হবে।
শর্তগুলোর মধ্যে রয়েছে- পরিবারের মালিকানায় কোনো জমি না থাকা অথবা বসতভিটা ছাড়া কৃষিজমি না থাকা, দিনমজুরের আয়ের ওপর নির্ভরশীল হওয়া, পরিবারের প্রধান নারী শ্রমিক বা ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল হওয়া, উপার্জনক্ষম পূর্ণবয়স্ক পুরুষ সদস্য না থাকা এবং স্কুলগামী শিশুকে উপার্জনের জন্য কাজে পাঠাতে বাধ্য হওয়া।
এছাড়া পরিবারের উপার্জনের স্থায়ী সম্পদ না থাকা, স্বামী পরিত্যক্তা, বিচ্ছিন্ন বা তালাকপ্রাপ্তা নারীর অসচ্ছল পরিবার হওয়া, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারের সদস্য হওয়া, প্রতিবন্ধী সদস্য থাকা, অন্য কোনো নিয়মিত সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্থায়ী সুবিধাভোগী না হওয়া এবং প্রাকৃতিক দুর্যোগে চরম খাদ্য বা অর্থসংকটে পড়াও বিবেচনায় নেওয়া হবে। বছরের অধিকাংশ সময় দুবেলা খাবার জোটে না, এমন পরিবারও এ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য হবে।
‘মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা, ২০২৬’ জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ২০১২-১৩ সালের বিদ্যমান নির্দেশিকা সংশোধন ও হালনাগাদ করে নতুন নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। গত ১২ অক্টোবর মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি-১ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নির্দেশিকাটি গেজেটে প্রকাশিত হয় ১০ নভেম্বর।
ভিজিএফে সর্বোচ্চ ৩০ কেজি চাল
দুস্থদের খাদ্য সহায়তা বা ভিজিএফ কর্মসূচিতে পরিবারপ্রতি সর্বোচ্চ ৩০ কেজি চাল বা গম দেওয়ার বিধান রাখা হয়েছে। স্বাভাবিক সময়ে খাদ্য কিনতে অক্ষম দরিদ্র, দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং কৃষি বা অন্যান্য ক্ষেত্রে কর্মহীন সময়ে খাদ্যসংকটে পড়া পরিবার এ সহায়তা পাবে।
বিশেষ পেশায় নিয়োজিত অতিদরিদ্র জনগোষ্ঠীকে জনস্বার্থে পেশাগত কাজ থেকে বিরত রাখার সময়ও খাদ্য সহায়তা দেওয়া যাবে। নতুন কোনো মহামারির কারণে বিভিন্ন পেশার মানুষ সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়লে পরিবারপ্রতি মাসে ২০ থেকে ৩০ কেজি চাল বা গম অথবা দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা সহায়তা দেওয়ার বিধান রাখা হয়েছে।
অপুষ্টির ঝুঁকিতে থাকা প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্যও বিশেষ সহায়তার ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীপ্রতি দৈনিক ৫০ গ্রাম সয়া প্রোটিন বা ১০০ গ্রাম সয়া দুধ কিংবা সরকার নির্ধারিত অন্য কোনো খাদ্য দেওয়ার কথা বলা হয়েছে।
দুর্যোগে মৃত্যুতে ৫০ হাজার টাকা সহায়তা
দুর্যোগ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তাৎক্ষণিক আর্থিক সহায়তার পরিমাণও নির্দিষ্ট করা হয়েছে। দুর্যোগে কোনো ব্যক্তি মারা গেলে তার পরিবার সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাবে। আহত ব্যক্তির চিকিৎসার জন্য সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ ১০ হাজার টাকা দেওয়ার বিধান রয়েছে।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসচ্ছল স্কুল, কলেজ, মাদরাসা, এতিমখানা, মসজিদ, মন্দির, প্যাগোডা, কিয়াং, পাঠাগার ও নিবন্ধিত সামাজিক প্রতিষ্ঠান সংস্কার বা মেরামতের জন্য সর্বোচ্চ ২০ হাজার টাকা পাবে। তবে বিশেষ ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এ সহায়তা ৫০ হাজার টাকা পর্যন্ত দেওয়া যাবে।
দুর্যোগ বা দুর্ঘটনায় গবাদিপশু মারা গেলে ক্ষতিগ্রস্ত অসচ্ছল পরিবারকে গরু বা মহিষের জন্য সর্বোচ্চ ২৫ হাজার এবং ভেড়া বা ছাগলের জন্য সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দেওয়া যাবে। আহত পশুর চিকিৎসার প্রয়োজনেও সহায়তা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
এছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসচ্ছল পরিবারের মেয়েদের বিয়েতে সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং চরাঞ্চলের স্কুল-কলেজগামী মেয়েদের যাতায়াতের সুবিধার্থে সাইকেল কেনার জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা দেওয়ার বিধান থাকছে।
শিশুখাদ্যে ৩ হাজার, পশুখাদ্যে ২ হাজার টাকা
দুস্থ ও অতিদরিদ্র পরিবারের শিশুখাদ্য কেনার জন্য বছরে একবার সর্বোচ্চ তিন হাজার টাকা দেওয়া যাবে। দুধ, হরলিক্স, সাগু, সুজি, বার্লি, চিনি ও নুডলসসহ প্রয়োজনীয় শিশুখাদ্য কেনার জন্য এ অর্থ ব্যবহার করা যাবে।
একইভাবে গবাদিপশুর খাবার কিনতে অসচ্ছল পরিবারকে বছরে একবার সর্বোচ্চ দুই হাজার টাকা দেওয়ার বিধান রাখা হয়েছে। খৈল, ভুসি, খড়, কুড়ো ও ঘাসসহ বিভিন্ন গোখাদ্য কেনার জন্য এ অর্থ ব্যয় করা যাবে।
কম্বল ও ঢেউটিনে নির্দিষ্ট সীমা
শীতবস্ত্র সহায়তার ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে একটি কম্বল, চাদর বা কমফোর্টার এবং পরিবারপ্রতি সর্বোচ্চ দুটি দেওয়ার বিধান রয়েছে। অন্যান্য বস্ত্র ব্যক্তিপর্যায়ে একটি এবং পরিবারপ্রতি সর্বোচ্চ তিনটি দেওয়া যাবে। তীব্র শীত, কুয়াশা বা বৃষ্টির সময় ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি করে তারপলিন বা তাবু দেওয়া যাবে। তবে আগের বছর সরকারি সহায়তায় কম্বল, চাদর, কমফোর্টার, তাবু বা তারপলিন পাওয়া ব্যক্তি ও পরিবার পরবর্তী সময়ে একই ধরনের সহায়তা পাওয়ার যোগ্য হবে না।
ঢেউটিন সহায়তার ক্ষেত্রেও সময় ও পরিমাণ নির্ধারণ করা হয়েছে। দুস্থ মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও অতিদরিদ্র ব্যক্তির ঘর নির্মাণে সর্বোচ্চ ছয় বান্ডিল এবং পুনর্নির্মাণে সর্বোচ্চ চার বান্ডিল ঢেউটিন দেওয়া যাবে। সাধারণভাবে এ সহায়তা ১০ বছরে একবার পাওয়া যাবে।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাসগৃহ বা স্বনির্মিত দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হলে মেরামতের জন্য সর্বোচ্চ দুই বান্ডিল এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে সর্বোচ্চ তিন বান্ডিল ঢেউটিন দেওয়া যাবে। বিশেষ বিবেচনায় মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এ পরিমাণ পাঁচ বান্ডিল পর্যন্ত করা যাবে। ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ও ব্যবসায়ী উভয়েই এ সুবিধা পাবেন।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পুনর্নির্মাণে সর্বোচ্চ ১৫ বান্ডিল এবং অন্যান্য নিবন্ধিত প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ সাত বান্ডিল ঢেউটিন দেওয়ার বিধান রয়েছে।
ঘরবাড়ি নির্মাণে সর্বোচ্চ ৫০ হাজার টাকা
দুর্যোগে আংশিক ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে পরিবারপ্রতি সর্বোচ্চ ২০ হাজার এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দেওয়া যাবে। ক্ষতিগ্রস্ত শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ অন্যান্য নিবন্ধিত সামাজিক প্রতিষ্ঠানের মেরামত বা নির্মাণে সর্বোচ্চ এক লাখ টাকা সহায়তা মিলবে।
এছাড়া যেসব পরিবারকে ঘর নির্মাণের জন্য সরকারি জিআর ঢেউটিন দেওয়া হবে, তাদের প্রতি বান্ডিল ঢেউটিনের বিপরীতে ছয় হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া যাবে। এ সুবিধা ১০ বছরে একবারের বেশি পাওয়া যাবে না।
তালিকা তৈরি ও অভিযোগ নিষ্পত্তি
নতুন নির্দেশিকায় মানবিক সহায়তা বিতরণে সুবিধাভোগী নির্বাচন ও তালিকা তৈরির প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া হয়েছে। ওয়ার্ডভিত্তিক বাস্তবায়ন কমিটি পাড়া ও গ্রামভিত্তিক দুস্থ ও অতিদরিদ্র পরিবারের তালিকা তৈরি করবে। পরে ইউনিয়ন বা পৌরসভা পর্যায়ের কমিটি তালিকা যাচাই-বাছাই করে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠাবে।
ইউনিয়ন পর্যায়ের তালিকা উপজেলা কমিটির মাধ্যমে এবং পৌরসভার তালিকা জেলা প্রশাসকের মাধ্যমে অনুমোদিত হবে। জেলা পর্যায়ে সব উপজেলার তালিকা একীভূত করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে পাঠাতে হবে। অধিদপ্তর দেশের সব জেলার তথ্য সমন্বয় করে পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠাবে।
দুর্যোগে ক্ষয়ক্ষতির প্রতিবেদন, ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের সংখ্যা বিশ্লেষণ করে মন্ত্রণালয় সহায়তার বরাদ্দ নির্ধারণ করবে।
সুবিধাভোগীর তালিকায় নাম না থাকা কিংবা সহায়তা নিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্ষুব্ধ হলে সংশ্লিষ্ট পৌরসভা বা ইউনিয়ন কমিটির সভাপতির কাছে আপত্তি জানাতে পারবেন। ইউনিয়ন কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এবং পৌরসভা কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে পুনর্বিবেচনার আবেদন করা যাবে। অভিযোগ পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।
স্বচ্ছতা বাড়ানোর জন্যই মূলত নতুন নির্দেশিকা করা হয়েছে। তবে স্বচ্ছতা নির্ভর করে মাঠপর্যায়ে যাচাই-বাছাইয়ের ওপর। মাঠপর্যায়ে যারা কাজ করেন, তারা যদি আন্তরিকতার সঙ্গে নির্ধারিত মানদণ্ডগুলো অনুসরণ করেন, তাহলে যারা সহায়তা পাওয়ার উপযুক্ত, তারা তা পাবেন। এটাই আমাদের লক্ষ্য। আমাদের মন্ত্রীরও একই উদ্দেশ্য।- যুগ্ম সচিব সেখ ফরিদ আহমেদ
৭ কর্মদিবসের মধ্যে বিতরণ ও তথ্য সংরক্ষণ
নির্দেশিকায় বলা হয়েছে, বরাদ্দ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে সহায়তা বিতরণ কার্যক্রম শেষ করতে হবে। বিতরণ শেষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দিতে হবে। প্রকৃত উপকারভোগীদের মধ্যে বরাদ্দ বিতরণ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতি বা দুর্নীতির আশ্রয় নেওয়া যাবে না। উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রেও যথাযথ নীতিমালা অনুসরণ করতে হবে।
এছাড়া বরাদ্দ বিতরণের জন্য ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের ওয়ার্ডভিত্তিক ট্যাগ অফিসার নিয়োগ করতে হবে। প্রতিবন্ধীদের জন্য সহায়তা বিতরণে পৃথক ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে তাদের বাড়িতে সহায়তা পৌঁছে দিতে হবে। এ জন্য স্থানীয় পরিবহন খাতে বরাদ্দ করা খরচ থেকে অর্থ সমন্বয় করা যাবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপজেলা কমিটি কর্তৃক চূড়ান্তভাবে অনুমোদিত উপকারভোগীদের তথ্য রেজিস্ট্রারে সংরক্ষণ করার কথা নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। এ তথ্য কম্পিউটারে নিকষ বা ইউনিকোড ফন্টে কম্পোজ করে সংরক্ষণ করতে হবে। উপকারভোগীদের তথ্যাদি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এসএনএসপি, এমআইএসের মাধ্যমে প্রকাশ করতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে সব সুবিধাভোগীদের তথ্য সংবলিত একটি ডাটাবেজ সংরক্ষণ করতে হবে।
‘স্বচ্ছতা বাড়ানোর জন্যই নতুন নির্দেশিকা’
এ নিয়ে কথা হলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি শাখার যুগ্ম সচিব সেখ ফরিদ আহমেদ জাগো নিউজকে জানান, মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকায় কয়েকটি ক্ষেত্রে সহায়তার পরিমাণ ও আওতা বাড়ানো হয়েছে। আগে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি বান্ডিল টিনের বিপরীতে তিন হাজার টাকা দেওয়া হতো। নতুন নির্দেশিকায় তা সর্বোচ্চ ছয় হাজার টাকা করা হয়েছে। একইভাবে আগে সর্বোচ্চ দুই বান্ডিল টিন দেওয়া হলেও এখন তা বাড়িয়ে ছয় বান্ডিল পর্যন্ত করা হয়েছে।
এছাড়া ভিজিএফসহ বিভিন্ন মানবিক সহায়তা কর্মসূচির পরিমাণ ও আওতায় পরিবর্তন আনা হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে সহায়তা বাড়ানো হয়েছে। সব মিলিয়ে আগের নির্দেশিকার তুলনায় নতুন নির্দেশিকায় বেশ কিছু পরিবর্তন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নতুন নির্দেশিকায় উপকারভোগী নির্বাচনের জন্য ১২টি মানদণ্ড নির্ধারণ করা হয়েছে জানিয়ে যুগ্ম সচিব বলেন, ন্যূনতম চারটি মানদণ্ড পূরণ করতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সহায়তা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচনা করা হবে।
সেখ ফরিদ আহমেদ বলেন, ‘স্বচ্ছতা বাড়ানোর জন্যই মূলত নতুন নির্দেশিকা করা হয়েছে। তবে স্বচ্ছতা নির্ভর করে মাঠপর্যায়ে যাচাই-বাছাইয়ের ওপর। মাঠপর্যায়ে যারা কাজ করেন, তারা যদি আন্তরিকতার সঙ্গে নির্ধারিত মানদণ্ডগুলো অনুসরণ করেন, তাহলে যারা সহায়তা পাওয়ার উপযুক্ত, তারা তা পাবেন। এটাই আমাদের লক্ষ্য। আমাদের মন্ত্রীরও একই উদ্দেশ্য।’