দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ও সম্ভাব্য নাশকতা মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার একান্ত বৈঠক হয়। অধিবেশন শুরুর আগে বিরোধীদলীয় নেতাকে চায়ের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।
দুই দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে সংসদ সূত্র ও দলীয় নেতারা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। অধিবেশন শুরুর আগে বৈঠক হলেও বিষয়টি জানাজানি হয় রাতে।
একাধিক সূত্র জানায়, বৈঠকে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, সম্ভাব্য নাশকতা এবং দেশের শান্তি-স্থিতিশীলতা রক্ষার বিষয়টি গুরুত্ব পায়। পলাতক ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতা মোকাবিলায় গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর ঐক্য ধরে রাখার বিষয়ে একমত হন দুই নেতা। বিরোধীদলীয় নেতা এ সময় গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।
বৈঠকের আলোচনার প্রতিফলন দেখা যায় সংসদের সমাপনী অধিবেশনে দুই নেতার বক্তব্যেও।
প্রধানমন্ত্রী তারেক রহমান পতিত ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে এবং বাংলাদেশকে আবারও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখতে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেন।
অন্যদিকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরায় পলাতক ফ্যাসিস্টরা আবারও নাশকতার সুযোগ পাচ্ছে। গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তির ঐক্য ধরে রাখতে গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।
সংসদের সমাপনী বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করতে দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা করছে। দল-মতনির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এ অপশক্তিকে প্রতিহত এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সম্প্রতি গোপালগঞ্জের সহিংসতা ও ১৯ নভেম্বরের কথিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। একই সময়ে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য রয়েছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার একান্ত বৈঠক এবং সংসদে দুই নেতার ঐক্যের আহ্বান রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।