Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি-সংক্রান্ত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল সবুরা খাতুন নামের এক নারীর নামে। তাঁকে গ্রেপ্তার করে এসে না পেয়ে স্বামী মো. শহীদুল ইসলামকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় ধস্তাধস্তিতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। স্বজনরা তাঁকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ জন্য তারা পুলিশকে দায়ী করে ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন।

গতকাল বুধবার দুপুরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নতুন বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শহীদুল ইসলাম একই এলাকার জুনু মিস্ত্রির ছেলে। তিনি মুরগির খামার ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন বলে জানিয়েছেন স্বজনরা।
পরিবারের ভাষ্য, সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাব্বিরের নেতৃত্বে পুলিশের একটি দল শহীদের স্ত্রী সবুরা খাতুনকে গ্রেপ্তারে বাড়িতে আসে। এ সময় সবুরাকে না পেয়ে তাঁর স্বামী শহীদকে হাতকড়া পরানো হয়।

শহীদের বন্ধু ও প্রতিবেশী আবদুল আজিজের দেওয়া তথ্যমতে, সবুরা খাতুনের বিরুদ্ধে আদালতে জমি-সংক্রান্ত একটি মামলা রয়েছে। ওই মামলায় তিনি জামিনে আছেন। কিন্তু গতকাল বুধবার দুপুরে পুলিশ সবুরাকে গ্রেপ্তারে বাড়িতে আসে। তাঁকে না পেয়ে স্বামী শহীদুল ইসলামকে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলা হয়। পরে তাঁকে পুরান চৌকিদার বাড়ি থেকে নতুন বাড়ির দিকে নেওয়া হয়। এ সময় শহীদের সঙ্গে পুলিশ সদস্যদের ধস্তাধস্তি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে হাতকড়া পরা অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শহীদকে মৃত ঘোষণা করেন।

নিহত শহীদের ভাই আবদুল খালেকের অভিযোগ, তাঁর ভাই নিজেকে নিরপরাধ উল্লেখ করে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু এসআই সাব্বির তা মানেননি। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও অতিরিক্ত মানসিক চাপে শহীদ অচেতন হয়ে পড়ে যান। এ মৃত্যুর দায় পুলিশ এড়াতে পারে না উল্লেখ করে তিনি বলেন, ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিতে হবে।
বক্তব্যের জন্য উপপরিদর্শক (এসআই) মো. সাব্বিরের সঙ্গে যোগাযোগ করা যায়নি। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘শহীদ আগে দুইবার স্ট্রোক করেছিলেন। তাঁর স্ত্রী একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। তদন্তকারী কর্মকর্তা আসামির বাড়ি শনাক্ত করার জন্য শহীদ ও তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে যান। এ সময় পুলিশ পেছনে ছিল। শহীদ ও তাঁর ছেলে সামনে ছিলেন। এলাকার লোকজনের সামনেই হঠাৎ শহীদ মাটিতে পড়ে যান। পরে পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান।’ স্বজনের অভিযোগ অস্বীকার করে ওসি মহিনুল ইসলাম দাবি করেন, শহীদুল ইসলামের হাতে হাতকড়া পরানো হয়নি।