Image description

উইকেটের পেছনে গ্লাভস হাতে লিটন দাসের দুর্দান্ত পারফরম্যান্স নতুন কিছু নয়। একের পর এক ক্যাচ তালুবন্দি করে আগেই বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে রেকর্ড গড়েছিলেন। এবার ক্যাচের পাশাপাশি স্টাম্পিংয়েও নিজের দক্ষতার প্রমাণ দিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ৮টি ডিসমিসাল করে বিশ্ব রেকর্ড গড়েছেন লিটন। এর মধ্য দিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক ইনিংসে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

এর আগে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৬ ব্যাটারকে ক্যাচের ফাঁদে ফেলেন লিটন। বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচের রেকর্ডও গড়েন তিনি। এতদিন এই রেকর্ডে যৌথভাবে শীর্ষে ছিলেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও লিটন নিজেই।

তবে ইতিহাস গড়ার গল্প সেখানেই শেষ হয়নি। চতুর্থ দিনে মেহেদী হাসান মিরাজের বলে রায়ান রিকেলটনকে স্টাম্পিং করে নিজের ডিসমিসালের সংখ্যা বাড়ান লিটন। এরপর কাগিসো রাবাদাকেও স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি। ফলে এক ইনিংসে তার ডিসমিসালের সংখ্যা দাঁড়ায় আটে।

এর আগে, পাঁচজন উইকেটরক্ষক—পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া ডা সিলভা ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন ।

এর আগে, ব্যাট হাতেও জোহানেসবার্গে উজ্জ্বল ছিলেন লিটন। বাংলাদেশের প্রথম ইনিংসে খেলেছেন ১২০ রানের দুর্দান্ত ইনিংস। তার সঙ্গে তাওহীদ হৃদয়ের ১৩৭ রানের সুবাদে বাংলাদেশ প্রথম ইনিংসে সংগ্রহ করেছিল ৪০০ রান।