Image description

দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের অবসানের পর এক মণ দুধ দিয়ে গোসল করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গার হোসেন মৃধা। একই সঙ্গে এলাকাবাসীর মধ্যে এক মণ মিষ্টিও বিতরণ করেছেন তিনি।

স্ত্রীর পরকীয়ার অভিযোগ তুলে বিচ্ছেদের পর নিজেকে পাপমুক্ত ঘোষণা করতে আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলার ফলিয়া গ্রামে নিজ বাড়িতে এ আয়োজন করেন তিনি।

হোসেন মৃধা ফলিয়া গ্রামের মৃত মনিহাল সারেণের ছেলে। পেশায় তিনি প্রথম শ্রেণির মেরিন মাস্টার। তার এই ব্যতিক্রমী আয়োজনের খবর ছড়িয়ে পড়লে তা দেখতে বাড়িতে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ১৮ বছর আগে আশ্চাপিয়া পিংকীকে বিয়ে করেন হোসেন মৃধা। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। সম্প্রতি স্ত্রীর পরকীয়া সম্পর্কের অভিযোগ নিয়ে পরিবারে অশান্তি দেখা দেয়। একপর্যায়ে নিজের জীবন ও তিন সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

হোসেন মৃধা জানিয়েছেন, তিন সন্তান থাকা সত্ত্বেও স্ত্রীর পরকীয়ার কারণে তিনি সংসারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। নিজের জীবন ও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণের মাধ্যমে নিজেকে পাপমুক্ত করেছেন।

ঘটনাটি আলফাডাঙ্গা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।