আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে আরো ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার জন্য রাখা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)।
মঙ্গলবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, মাঠে দায়িত্বরত সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য যত বেশি সম্ভব সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা যুক্ত করা হয়েছে। মাঠপর্যায়ের কার্যক্রমের লাইভ ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণে ড্রোন এবং ইমপ্রোভাইজড ডিভাইসও ব্যবহার করা হচ্ছে।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে। ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এই মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ মেনে বিজিবি সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাঁরা নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।
বিজিবির এই কর্মকর্তা আরো জানান, দায়িত্ব পালনের সময় সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্যের পরিচয় দিচ্ছেন। সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কাজকর্ম যাতে ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে। একই সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।