রাজধানীর মিরপুর-১ বাসস্ট্যান্ড এলাকায় রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডের পাকা সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের শিকার বাসটির নাম রাজধানী পরিবহন। এর রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ব-১৩-০৬৬৫।
পুলিশের তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অল্প সময়ের মধ্যেই বাসের ভেতরের অংশ দাউদাউ করে জ্বলতে থাকে। এ সময় চারদিকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার নাহিয়ান আহমেদ এশিয়া পোস্টকে বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়। ইউনিট দুটি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ, হতাহতের তথ্য এবং আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, মিরপুর-১ নং বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পালিয়ে যাওয়ার যাওয়ার সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।