রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে একটি বাসার দরজার তালা ভেঙে প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার, নগদ ৭৫ হাজার টাকা ও একটি ল্যাপটপ চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রবিবার দুপুরে ৪৬/২, আলী নেকী দেওরী এলাকার সপ্তম তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
ওই ফ্ল্যাটে আবুল কালাম ও তার পরিবার বসবাস করেন। ঘটনার সময় পরিবারের সদস্যরা বাসার বাইরে ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা ফ্ল্যাটের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
জানা গেছে, সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি দেখা গেছে। ফুটেজ অনুযায়ী, দুপুর ১২টা ৭ মিনিটে প্রথম ব্যক্তি বাড়িতে প্রবেশ করেন। এর পাঁচ মিনিট পর, ১২টা ১২ মিনিটে দ্বিতীয় ব্যক্তি প্রবেশ করেন। এ সময় বাইরে নীল শার্ট পরা আরেক ব্যক্তিকে পাহারায় থাকতে দেখা যায়। পরে দুপুর ১২টা ২৬ মিনিটের মধ্যে সন্দেহভাজন ব্যক্তিরা বাড়ি থেকে বের হয়ে যান।
এ ঘটনায় গতকালই থানায় জিডি করা হয়। পরদিন ১৬ নভেম্বর বংশাল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। পরে রাতেই এ ঘটনায় মামলা রুজু করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও চুরির মালামাল উদ্ধারে তদন্ত চলছে।