Image description

রাজধানী ঢাকাকে আধুনিক, দূষণমুক্ত ও টেকসই স্যানিটেশন ব্যবস্থার আওতায় আনতে নেওয়া হয় ‘ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ (ডিএসআইপি)। প্রকল্পটি বাস্তবায়নে সাড়ে ছয় বছরেরও বেশি পেরিয়ে গেলেও কাজ এগোচ্ছে অত্যন্ত ধীরগতিতে। তবে প্রকল্পটির কাজে ধীরগতি থাকলেও চক্রান্তমূলক দরপত্র, ভুয়া অফিস নির্মাণ এবং নিম্নমানের পাইপসহ শর্ত না মেনে শত শত কোটি টাকা আর্থিক অনিয়ম চলেছে বিদ্যুৎগতিতে। প্রকল্পের সাইট অফিস ও গুদাম না বানিয়ে বিল উত্তোলন, অফিস ভাড়ার নামে অতিরিক্ত বিল, নিম্নমানের পাইপ সরবরাহসহ জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। প্রকল্পের দরপত্রেও হয়েছে নানা অনিয়ম। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তর (ফাপাড) এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিদর্শন প্রতিবেদনে আর্থিকসহ নানা অনিয়মের চিত্র উঠে এসেছে। প্রতিবেদন দুটি পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা ওয়াসার চলমান প্রকল্পটিতে কাজের গতি যেখানে কচ্ছপের মতো মন্থর, সেখানে ঠিকাদারকে অন্যায্য সুবিধা প্রদান ও অনিয়মের মাধ্যমে সরকারি টাকা অপচয় হয়েছে বিদ্যুৎগতিতে।

রাজধানীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পুনর্নির্মাণ ও আধুনিকায়নের লক্ষ্যে ২০২০ সালের জানুয়ারিতে ‘ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ (ডিএসআইপি) আনুষ্ঠানিক অনুমোদন পায়। প্রকল্পের ব্যয় ধরা হয় ৩ হাজার ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা। উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংক এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক যৌথভাবে প্রকল্পটিতে অর্থায়ন করছে। বাকি অর্থ জোগান দিচ্ছে বাংলাদেশ সরকার। স্থানীয় সরকার বিভাগের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকা ওয়াসা।

প্রকল্পের মূল উদ্দেশ্য ঢাকার পাগলা ক্যাচমেন্ট এলাকার চারপাশের জলাশয় ও পরিবেশ রক্ষায় একটি সমন্বিত আধুনিক পয়ঃনিষ্কাশন অবকাঠামো গড়ে তোলা। প্রকল্পের আওতায় প্রধান কাজগুলোর মধ্যে রয়েছে—পাগলা এলাকায় ২০০ এমএলডি (মিলিয়ন লিটার পার ডে) ধারণক্ষমতার একটি আধুনিক পয়ঃশোধনাগার পুনর্নির্মাণ ও সম্প্রসারণ, ২২ কিলোমিটার দীর্ঘ পয়ঃনিষ্কাশন ট্রাঙ্ক মেইন (ইস্টার্ন ও ওয়েস্টার্ন ট্রাঙ্ক মেইন) পুনর্নির্মাণ, নগরীর বিভিন্ন এলাকায় ৪৬২ কিলোমিটার দীর্ঘ বিস্তৃত সুয়ারেজ নেটওয়ার্ক স্থাপন এবং ৪টি প্রধান লিফটিং স্টেশন পুনর্নির্মাণ।

৫ বছর মেয়াদি এই প্রকল্পের বাস্তবায়নকাল নির্ধারণ করা হয় ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত। কাজের ধীরগতির কারণে পরে প্রকল্প সংশোধন করে মেয়াদ আরও ৪০ মাস বাড়িয়ে ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত করা হয়। সেই হিসাবে ৫ বছরের প্রকল্পের মেয়াদ ৬৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮ বছর ৩ মাসে। অনুমোদিত মেয়াদের মধ্যে ইতোমধ্যে সাড়ে ৬ বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে; কিন্তু কাজ হয়েছে মাত্র ৩৬ দশমিক ৬১ শতাংশ। পরিস্থিতি সামাল দিতে এবং বিশ্বব্যাংক ও এআইআইবির অর্পিত ঋণের কার্যকারিতা বজায় রাখতে প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়িয়ে ২০২৯ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সম্প্রসারণের প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রকল্পটির মেয়াদের সঙ্গে সঙ্গে বেড়েছে খরচও। প্রকল্পের ধীরগতি এবং নকশায় পরিবর্তনের কারণে ৩ হাজার ৮৫৫ কোটি ৬০ লাখ টাকার প্রকল্পটির ব্যয় প্রথম সংশোধনীর মাধ্যমে বাড়িয়ে করা হয় ৫ হাজার ১৮৭ কোটি ৮৯ লাখ টাকা। এতে এক ধাক্কাতেই ব্যয় বাড়ে ১ হাজার ৩৩২ কোটি ২৯ লাখ টাকা, যা মূল অনুমোদিত ব্যয়ের চেয়ে ৩৪ দশমিক ৫৫ শতাংশ বেশি।

বাস্তবায়নে এমন দীর্ঘসূত্রতা এবং খরচ বৃদ্ধির পেছনে মূল কারণ হিসেবে কভিড মহামারি, স্যুয়ারেজ নেটওয়ার্কের বিভিন্ন প্যাকেজ পুনঃদরপত্র আহ্বান ও বিভাজনের জটিলতা, সিসিজিপি অনুমোদনে অতিরিক্ত সময় লাগা, পাগলা স্যুয়ারেজ শোধনাগারের পুনঃনকশা, ২০২৪ সালের রাজনৈতিক ও নিরাপত্তাজনিত অস্থিতিশীলতা, পূর্ত ও সেবা প্যাকেজগুলোর মূল্য পুনর্নির্ধারণ, শুল্ক-ভ্যাট সমন্বয় এবং ডলারের বিপরীতে টাকার দরপতন এবং দুই সিটি করপোরেশন থেকে সময়মতো সড়ক খননের অনুমতি না পাওয়ার মতো প্রশাসনিক ও সমসাময়িক একাধিক কারণ উল্লেখ করা হয়েছে।

প্রকল্পের বর্তমান অবস্থা পর্যালোচনায় দেখা গেছে, প্রকল্পের ব্যয় বাড়ানো হলেও কাজে গতি আসেনি। গত জুন পর্যন্ত প্রকল্পের গড় অগ্রগতি দাঁড়িয়েছে মাত্র ৩৬.৬১ শতাংশ, আর আর্থিক অগ্রগতি হয়েছে মাত্র ২০.৭১ শতাংশ। অর্থাৎ প্রকল্পের আওতায় খরচ হয়েছে ১ হাজার ৭৪ কোটি ৪১ লাখ টাকা। এই খরচের প্রায় অর্ধেক অর্থ ব্যয় নিয়ে এসেছে অডিট আপত্তি।

ফাপাড ও আইএমইডির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রকল্পের কাজের বাস্তব অগ্রগতি না থাকলেও সরকারি অর্থছাড় ও ঠিকাদারকে অনৈতিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে বিদ্যুৎগতিতে। নির্ধারিত প্রাক্কলিত মেয়াদের সিংহভাগ সময় শেষ হয়ে এলেও প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি মাত্র এক-তৃতীয়াংশ। অথচ এই ধীরগতির আড়ালেই প্রকল্পের অনুমোদিত ডিপিপি বরাদ্দের চেয়ে বেশি মূল্যে চুক্তি সম্পাদন, কেনাকাটা, সর্বনিম্ন দরদাতার প্রস্তাব বাতিল করে উচ্চ দরদাতাকে কার্যাদেশ দেওয়া এবং সুনির্দিষ্ট প্রমাণক নথি ছাড়া অনিয়মিত বিল ও অবকাঠামো নির্মাণের নামে একের পর এক আর্থিক অনিয়মের ঘটনা ঘটেছে।

আইএমইডির প্রতিবেদনে ফাপাডের অডিট আপত্তিগুলো পর্যালোচনায় দেখা গেছে, এই প্রকল্পে ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত মোট ৩০টি অডিট আপত্তি উত্থাপিত হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ছয়টি আপত্তি। অনিষ্পণ্ন অডিট আপত্তিতে জড়িত অর্থের পরিমাণ প্রায় সাড়ে ৫০০ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে সাইট অফিস ও মালপত্র সংরক্ষণের গুদাম-সংক্রান্ত তিনটি সুনির্দিষ্ট অডিট আপত্তি তোলা হয়েছে। প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, শুধ ভুয়া সাইট অফিস, অবৈধ কার্যালয় ভাড়া এবং গুদামের নামে ঠিকাদারকে অন্যায্য বিল পরিশোধের মাধ্যমে প্রায় সাড়ে ৬ কোটি টাকার অনিয়ম ও সরকারি ক্ষতির সুনির্দিষ্ট বিবরণ তুলে ধরা হয়েছে।

দরপত্র চক্রান্ত ও উচ্চ দরদাতাকে কার্যাদেশ: অডিট আপত্তিতে বলা হয়েছে, কেনাকাটা ও দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতার তোয়াক্কা না করে সরকারি কোষাগারের অপপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। চক্রান্তমূলক প্রক্রিয়ার মাধ্যমে নিয়মমাফিক আহ্বান করা দরপত্র বাতিল করে ফের দরপত্র আহ্বান করায় সরাসরি ১৬৩ কোটি ৬৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। অনুমোদিত ডিপিপির বরাদ্দের চেয়ে ২৪ কোটি ৩২ লাখ টাকা বেশি মূল্যে চুক্তি সম্পাদন করা হয়েছে। এ ছাড়া সর্বনিম্ন দরদাতার প্রস্তাব বিধিবহির্ভূতভাবে বাতিল করে উচ্চ দরদাতাকে কাজ দেওয়ায় ৭১ কোটি ১৫ লাখ টাকা এবং দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়ায় ৫ কোটি ৯৪ লাখ টাকার অতিরিক্ত ক্ষতি হয়েছে।

নিম্নমানের পাইপ ও নকশা বিচ্যুতিতেও ঠিকাদারকে সুবিধা: স্যানিটেশন পাইপলাইন নির্মাণের মতো সংবেদনশীল কাজেও পণ্যের গুণগত মানের সঙ্গে আপস করা হয়েছে। অডিট আপত্তিতে বলা হয়েছে, অনুমোদিত স্পেসিফিকেশন ও মানের শর্ত বিচ্যুত হয়ে ঠিকাদারকে নিম্নমানের জিআরপি পাইপ সরবরাহের সুযোগ দেওয়া হয়। নিম্নমানের পাইপ সরবরাহ করার পরেও ঠিকাদারকে ৯৮ কোটি ৫৪ লাখ ২৮ হাজার ৭৭৬ টাকার অন্যায্য আর্থিক সুবিধা দেওয়া হয়। অন্যদিকে, বিদেশ থেকে উচ্চমানের জিআরপি পাইপ আমদানির চুক্তি থাকলেও শর্ত শিথিল করে স্থানীয় নিম্নমানের এইচডিপিই পাইপ ব্যবহারের সুযোগ দিয়ে ৫ কোটি ৬৫ লাখ ১৯ হাজার ৬২৫ টাকার অনিয়মিত ব্যয় ঘটানো হয়েছে। এ ছাড়া নকশা অনুযায়ী কাস্ট ইন-সিটু পাইলের পরিবর্তে সহজ প্রি-কাস্ট পাইল নির্মাণের সুযোগ দিয়ে ঠিকাদারকে অতিরিক্ত ১২ কোটি ১৬ লাখ ৬৩ হাজার ৯২৭ টাকা অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে।

ভুয়া অফিস, গুদাম ও ওভারপেমেন্টের হরিলুট: অডিট রিপোর্টের সবচেয়ে চাঞ্চল্যকর অনিয়মটি ধরা পড়েছে প্রকল্প সাইটে কর্মকর্তা ও প্রকৌশলীদের কার্যালয় স্থাপনে। চুক্তি অনুযায়ী সাইট অবকাঠামো তৈরি করার কথা থাকলেও তা না করেই বিল পাস করে নেওয়া হয়েছে। অডিট আপত্তিতে বলা হয়েছে, প্রকৌশলী এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের জন্য নির্ধারিত সাইট অফিস বাস্তবে স্থাপনই করা হয়নি। অফিস নির্মাণ না করা সত্ত্বেও ঠিকাদারকে পূর্ণ বিল পরিশোধ করায় সরকারের ক্ষতি হয়েছে ২ কোটি ২৬ লাখ ৬৩ হাজার ৭২২ টাকা। এ ছাড়া, চুক্তির শর্ত ভেঙে সাইট অফিস নির্মাণের পরিবর্তে একটি অফিস ভাড়া দেখিয়ে ঠিকাদারকে অন্যায্যভাবে অতিরিক্ত ৩ কোটি ১২ লাখ ৭৫ হাজার ৪৭০ টাকা পরিশোধ করা হয়েছে। একইভাবে মালপত্র ও ভারী যন্ত্রপাতি সংরক্ষণের জন্য চুক্তির শর্তানুসারে নির্ধারিত ওয়্যারহাউস বা স্টোরেজ সুবিধা তৈরি না করা সত্ত্বেও বিল প্রদান করায় আরও ১ কোটি ১৮ লাখ ৪৯ হাজার টাকার ক্ষতি ধরা পড়েছে অডিট আপত্তিতে।

সাইটে দৃশ্যমান ভৌত অগ্রগতি না থাকলেও বিল তোলায় কোনো ভাটা পড়েনি। প্রকৃত কাজের চেয়ে বহুগুণ অতিরিক্ত বিল পরিশোধের মাধ্যমে ৪০ লাখ ৮০ হাজার টাকার অনিয়মিত ব্যয় হয়েছে। কাজের সুনির্দিষ্ট বিবরণ ও নথি ছাড়া জেনারেল আইটেমের নামে ২১ কোটি ৩৭ লাখ টাকার বিল পাস হয়েছে। এমনকি একই কাজ দুবার দেখিয়ে ঠিকাদারকে অতিরিক্ত ৫৩ লাখ টাকা এবং সড়ক খনন অনুমতির অজুহাতে বিধি লঙ্ঘন করে ঠিকাদারকে ৬ কোটি ১৭ লাখ টাকা অতিরিক্ত পরিশোধ করা হয়েছে।

গাড়ি ক্রয়, বেসরকারি বীমা ও প্রশাসনিক অনিয়ম: আলোচ্য প্রকল্প বাস্তবায়নে আইন ও প্রশাসনিক বিধিমালার ব্যত্যয় ঘটিয়ে কোটি কোটি টাকা পরিশোধ করা হয়েছে। ইন্স্যুরেন্স করপোরেশন আইন লঙ্ঘন করে সরকারি প্রতিষ্ঠানকে ডিঙিয়ে বেসরকারি সংস্থায় শতভাগ বীমা পলিসি করায় ৫৫ কোটি ৮৭ লাখ টাকার অনিয়মিত ব্যয় হয়েছে। আন্তঃমন্ত্রণালয় কমিটির অনুমোদন ছাড়াই মূল পরামর্শক জনবল (টিম লিডার) পরিবর্তন করে পরিশোধ করা হয়েছে ৪৬ কোটি ৪ লাখ টাকা। এ ছাড়া সাধারণ পূর্ত চুক্তির আওতায় বিধিবহির্ভূতভাবে কর্মকর্তাদের জন্য গাড়ি কেনায় খরচ করা হয়েছে ৪ কোটি ৭৪ লাখ টাকা। এর বাইরে ভাউচার ছাড়া পরামর্শককে ১ কোটি ১৭ লাখ টাকা পরিশোধ, ব্যাংক কর্তৃক কর্তনকৃত ৪৯ লাখ টাকা টিডিএস সরকারি কোষাগারে জমার চালানের ঘাটতি, পরিবেশ ছাড়পত্র না নেওয়া এবং কর্মকর্তাদের প্রাপ্যতার বাইরে ২৩ লাখ ২৩ হাজার টাকার সুবিধা দেওয়ার মতো একাধিক আপত্তি অনিষ্পন্ন রয়ে গেছে।

প্যাকেজভিত্তিক কাজ বাস্তবায়নের করুণ চিত্র: অনিয়ম ও বিল উত্তোলনে অভূতপূর্ব গতি থাকলেও মাঠপর্যায়ে পূর্ত কাজের ভৌত অগ্রগতি চরম ধীর। আইএমইডি প্রতিবেদন অনুযায়ী, প্রকল্পের প্রাণকেন্দ্র পাগলা পয়েন্ট শোধনাগার পুনর্নির্মাণ প্যাকেজের কাজ ২০২৬ সালের ১০ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত ভৌত অগ্রগতি হয়েছে মাত্র ৩৫.০৫ শতাংশ। একইভাবে ১২ কিলোমিটার দীর্ঘ ইস্টার্ন ট্রাঙ্ক মেইন লাইনের চুক্তি অনুযায়ী মেয়াদের শেষ প্রান্তে এসে ১২ কিলোমিটারের জায়গায় মাত্র ১ কিলোমিটার পাইপ বসানো সম্ভব হয়েছে; যার ভৌত অগ্রগতি মাত্র ৩৮.০১ শতাংশে। সুয়্যারেজ নেটওয়ার্কের বিভিন্ন প্যাকেজে অগ্রগতি ১৭-২৩ শতাংশের মধ্যে।

আইএমইডি বলছে, প্রকল্পটি বাস্তবায়নে পিপিআরের ব্যত্যয় এবং আর্থিক শৃঙ্খলার পরিপন্থি কার্যক্রম হয়েছে। প্রকল্প মেয়াদের মধ্যেই আপত্তিসমূহ দ্রুত নিষ্পত্তির উদ্যোগ গ্রহণপূর্বক নিষ্পত্তির প্রমাণকসহ আইএমইডিকে অবহিত করতে হবে। প্রকল্পটির অডিট আপত্তিসমূহ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রকল্প পরিচালককে বদলি করা সমীচীন হবে না।

যা বলছেন প্রকল্প পরিচালক: প্রকল্পের ধীরগতির বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক মোহাম্মদ সেলিম মিঞা কালবেলাকে বলেন, প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। তবে কাজের গতিকে ‘ধীরগতি’ বলা যাবে না; কারণ এটি সাধারণ পানির লাইনের প্রকল্প নয়, এটি একটি পয়ঃনিষ্কাশন প্রকল্প। মাটির নিচের ইউটিলিটিসমূহ সরানো একটি বিশাল কর্মযজ্ঞ এবং এতে প্রচুর সময়ের প্রয়োজন। এ ছাড়া সিটি করপোরেশন থেকে সময়মতো সড়ক খননের অনুমতি না পাওয়ার কারণেও কাজে কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা এ সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করছি।

অনিয়মের বিষয়ে তিনি বলেন, অডিট আপত্তিতে সাইট অফিসের তথ্য সঠিক নয়। আমি ২০২৫ সালের ১৬ জানুয়ারি প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করি। আমার দায়িত্ব নেওয়ার আগে প্রকল্পের যত দরপত্র, কেনাকাটা ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তা সাবেক প্রকল্প পরিচালকের সময়ে করা হয়েছিল। এর বাইরে আমি কিছু বলতে পারব না।

প্রকল্পের বিষয়ে সংবাদমাধ্যমে কথা বলায় নিষেধাজ্ঞা রয়েছে জানিয়ে তিনি জনসংযোগ বিভাগের মাধ্যমে যোগাযোগের পরামর্শ দেন। তার পরামর্শ অনুযায়ী, ঢাকা ওয়াসার জনতথ্য বিভাগের

উপ-প্রধান মো. আব্দুল কাদেরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া মেলেনি।