যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে রোগীর চিকিৎসায় বিলম্ব ও অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় এক ঘণ্টার মধ্যে রোগীকে চিকিৎসক দিয়ে দেখানোর পাশাপাশি রোগীর শারীরিক অবস্থার বিস্তারিত জানাতে দায়িত্বরত নার্সকে নির্দেশ দেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে হাসপাতাল পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় চিকিৎসাসেবা নিয়ে রোগীদের অভিযোগও শোনেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মেডিসিন ওয়ার্ডে মেঝেতে চিকিৎসাধীন এক নারী ও শয্যায় থাকা এক পুরুষ রোগীর চিকিৎসায় বিলম্ব এবং অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করছেন প্রতিমন্ত্রী। এ সময় দায়িত্বরত নার্সকে দ্রুত চিকিৎসক ডেকে রোগী দেখানোর নির্দেশ দেন তিনি।
নার্সকে উদ্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনি মেডিসিন ইউনিট ওয়ানে ফোন করেন, ডাক্তার যিনি তাকে আমার কথা বলান। ডাক্তার এই রোগীকে এখন দেখবে।’
চিকিৎসক রোগীকে দেখার পর এক ঘণ্টার মধ্যে তার শারীরিক অবস্থার খবর জানাতে বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, মোমেনা খাতুন (নার্স) এক ঘণ্টার মধ্যে আমি ডাক্তারের ফোন চাই রোগী দেখার পরে।
কথোপকথনের একপর্যায়ে নার্সের বক্তব্য ও আচরণ নিয়েও প্রশ্ন তোলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, আপনি কি নতুন জয়েন করেছেন? জানেন না কীভাবে কথা বলতে হয়?
হাসপাতালে চিকিৎসকেরা প্রতিদিন রাউন্ড দেন কি না, সে বিষয়ে আলোচনায় না গিয়ে মেডিসিন ইউনিট ওয়ানের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে দ্রুত ডেকে রোগী দেখানোর ওপর গুরুত্ব দেন তিনি। এ সময় রোগীর পেটে ব্যথা, স্বাস্থ্য পরীক্ষা এবং ক্রিয়েটিনিনের মাত্রা নিয়েও আলোচনা হয়।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, তিনি নিজে চিকিৎসক নন। হাসপাতালে রোগীদের সেবার সার্বিক পরিস্থিতি তদারকির জন্যই আকস্মিক পরিদর্শনে এসেছেন। রোগীর চিকিৎসা নিশ্চিত করা এবং হাসপাতালের দায়িত্বশীল ব্যক্তিদের জবাবদিহির বিষয়েও গুরুত্ব দেন তিনি।
এদিকে, এ বিষয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বলেন, প্রতিমন্ত্রী যে ওয়ার্ড পরিদর্শন করেছেন, সে সময় সেখানে চিকিৎসক উপস্থিত ছিলেন। তবে একজন রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসকেরা ব্যস্ত থাকায় প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হয়নি।
তত্ত্বাবধায়ক বলেন, যে রোগীর চিকিৎসা বিলম্বের অভিযোগ উঠেছে, তার চিকিৎসা ডাক্তার তাৎক্ষণিকভাবেই নেওয়া হয়। এরপর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক প্রতিমন্ত্রীকে রিপোর্টও করেছেন। অভিযোগকারী রোগীর অবস্থা এখন অনেক ভালো।’
হাসপাতালে শয্যা, ওষুধ ও চিকিৎসক সংকট থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।