Image description

সড়কের পরিস্থিতি নাজুক হওয়ায় বিকল্প হিসেবে ঢাকা থেকে আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখী লংমার্চ স্থগিত করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। নতুন কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

 

শুক্রবার (১৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা।

 

কেন্দ্রীয় নেতাদের তথ্যমতে, লংমার্চের সময় ট্রেনে সাধারণ যাত্রী পরিবহনও চলবে। এতে করে একই সময়ে যাত্রীসেবা স্বাভাবিক রেখে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব কি না তা আলোচনায় আসে। এ কারণে ট্রেনে লংমার্চের সিদ্ধান্ত পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, ‘একপাশ দিয়ে ঢাকা থেকে ট্রেন রওনা হলে তো কয়েক হাজার মানুষ থাকবে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে। সেই বিষয়টি বিবেচনা করে লংমার্চ সাময়িক স্থগিত করা হলেও তা একেবারেই বাতিল করা হয়নি। শীর্ষ নেতারা বসে নতুন সিদ্ধান্ত জানাবেন।’

 

গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে গত ৬ আগস্ট চার বিভাগে ধারাবাহিক লংমার্চের কর্মসূচি ঘোষণা করে ১১–দলীয় ঐক্য। এর মধ্যে ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করে ১১ দল। তৃতীয় কর্মসূচি হিসেবে ৩১ অক্টোবর খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়। এর সমাপনী সমাবেশ হয় কুষ্টিয়ায়।