Image description

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অনুদান নিশ্চিত করতে বাংলাদেশের পক্ষ থেকে ৫ দফা জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে জলবায়ু অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দেয়ার জন্য আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর প্রচেষ্টায়ও সহায়তা দিতে হবে। গতকাল আনতালিয়ার এক্সিবিশন সেন্টারের সম্মেলন কক্ষে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলন কপ-৩১ এর রাষ্ট্র ও সরকারপ্রধানদের এক উচ্চ পর্যায়ের অধিবেশনে ভাষণে তিনি এই পাঁচ দফা প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের জলবায়ু অর্থায়ন ব্যবস্থা এখনো অপ্রতুল। এটি উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকারগুলোকে যথাযথভাবে বিবেচনায় নেয় না। জলবায়ু-সংক্রান্ত ক্ষয়ক্ষতি আমাদের অর্থনীতির ওপর বড় ধরনের বোঝা সৃষ্টি করছে। একই সঙ্গে ক্রমবর্ধমান ঋণ পরিশোধ এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

তিনি বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অনুদান প্রয়োজন, আরও ঋণ নয় যা তাদের ঋণ বাড়িয়ে দেয়। তাদের নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজনের জন্য জোরালো সহায়তারও প্রয়োজন। ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’- এই নীতির পথ ধরে বাংলাদেশ ৫টি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

পাঁচ দফা পদক্ষেপসমূহ: আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজনের জন্য বরাদ্দ করা উচিত, সেইসঙ্গে নির্গমন হ্রাসের প্রচেষ্টাকেও সহায়তা করতে হবে। জলবায়ুঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ (জলবায়ু-সহনশীল ঋণ ধারা) এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ (জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফ)-সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করা। পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা করা। সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং একটি ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর ত্বরান্বিত করা। কপ-৩১ এ একটি ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা, যার মূল ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য।

বিশ্বনেতাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, বাংলাদেশ একটি সফল কপ-৩১ সম্মেলনের প্রত্যাশা করে। আমরা আশা করি, এই সম্মেলন অর্থপূর্ণ, ভারসাম্যপূর্ণ এবং উচ্চাভিলাষী ফলাফল দেবে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রতি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য। আসুন আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি। আসুন আমরা বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।

আনতালিয়ায় কপ-৩১ সম্মেলন অনুষ্ঠানের জন্য তুরস্ক সরকার এবং সম্মেলনে আলোচনার প্রক্রিয়ায় নেতৃত্ব দেয়ার জন্য অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা সবাই জানি, জলবায়ু পরিবর্তনের সম্মুখ সারিতে রয়েছে বাংলাদেশ। তবুও বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে আমাদের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই চ্যালেঞ্জগুলো সত্ত্বেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল এবং টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। সবার আগে বাংলাদেশ- এই দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার বিশ্বাস করে যে, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষা একে অপরের পরিপূরক হিসেবে চলতে হবে। আমাদের শিল্পায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রকৃতিকে রক্ষা করতে হবে এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করেছে। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে ‘নেট জিরো’ নির্গমন অর্জনের লক্ষ্যে আমরা এই পদক্ষেপ নিয়েছি। বিশেষ করে প্রণোদনার সহায়তায় আমরা ৪,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছি। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগকেও আমরা উৎসাহিত করছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার সবুজ শিল্পকে উৎসাহিত করছে, যার মধ্যে রয়েছে প্রায় ৩০০টি লিড-সার্টিফাইড তৈরি পোশাক কারখানা। সরকার বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাকে এগিয়ে নিচ্ছে। আমরা পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের প্রসার ঘটাচ্ছি। আমরা কার্বন ট্রেডিংয়ের জন্য একটি জাতীয় কাঠামোও তৈরি করছি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছে। আমাদের পরিবেশ রক্ষার জন্য, আমরা পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০,০০০ কিলোমিটার নদী ও খাল খনন করছি, যার উদ্দেশ্য হলো জল ধরে রাখা, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ জলের স্তর বৃদ্ধি করা। আমরা উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ পুনরুদ্ধার করছি, যাতে জনগোষ্ঠীকে রক্ষা করা যায় এবং জলবায়ু সহনশীলতা জোরদার করা যায়।

তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। গতকাল সকাল সাড়ে ১০টায় তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে কপ-৩১ এই সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ সমপ্রসারণ এবং রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেছেন। একইভাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আশা প্রকাশ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। এ ছাড়া প্রধানমন্ত্রী বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেছেন।
জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনায় প্রধানমন্ত্রী কপ-৩১ এর চলমান আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন। এ ছাড়া বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে বিদেশি বিনিয়োগের সুযোগ রয়েছে। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী কৃষি খাতের উন্নয়নের বিষয়টি আলোচনায় আনেন।

বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
আন্তালিয়ার জলবায়ু সম্মেলনস্থলে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। গতকাল স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রী প্যাভিলিয়ন পরিদর্শনকালে প্যাভিলিয়নে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন ধরনের পরিবেশবান্ধব পাটজাত পণ্য দেখেন। এই সময়ে প্যাভিলিয়ন পরিদর্শনে আসা যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

জুট প্যাভিলিয়নে এসে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণীকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। প্যাভিলিয়ন পরিদর্শনের সময়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন-জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। গতকাল কপ-৩১ সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে সহযোগিতা, অভিবাসন এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিকতায় জলবায়ু সহযোগিতা, মানবিক সংকট মোকাবিলা, অভিবাসন এবং অর্থনৈতিক অংশীদারিত্ব আরও এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্কের স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। আজ বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।