বন্ধুর বোনকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকালে আদালতে অপরাধ স্বীকার করে তারা জবানবন্দি দেয়।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নড়াইল সদর থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণী। মামলার পর অভিযুক্তসহ দুই জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলো- নড়াইল সদর উপজেলার আল আমিন শেখ ওরফে সাব্বির (২২) ও নূরনবি মোল্লা। অন্য আসামি বিপ্লব পলাতক।
মামলার এজাহারে ওই তরুণী অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে ৪ নভেম্বর বিকালে তিনি নিজ বাড়ি থেকে বের হন। সঙ্গে টাকা না থাকায় তিনি বড় ভাইয়ের বন্ধুকে ফোন করেন। সহায়তা করার কথা বলে সে কৌশলে তাকে আরেকজনের (মামলার আসামি) ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে রাতে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। পরদিন রাতে তাকে আরেকজনের (আরেক আসামি) বাড়িতে নেওয়া হয়। সেখানেও তাকে ধর্ষণ করা হয়।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু মামলার এজাহারের বিবরণ থেকে জানান, ওই তরুণী একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে ৬ নভেম্বর সন্ধ্যার পর তিনি কৌশলে একজনের মোবাইল ফোন থেকে ঘটনাটি তার ভাইকে জানান। এরপর ৮ নভেম্বর মধ্যরাতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন।
তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই আসামি জবানবন্দি দিয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।