২০১০ সাল থেকে ১ জানুয়ারি ‘বই উৎসব’-এর মাধ্যমে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে পাঠ্যবই দেওয়া শুরু করে সরকার। তবে নানা জটিলতায় কখনোই ১ জানুয়ারি সব শিক্ষার্থীর হাতে পূর্ণাঙ্গ বইয়ের সেট তুলে দেওয়া সম্ভব হয়নি। ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষে অন্তর্বর্তী সরকারের সময়ে বই বিতরণে সবচেয়ে বড় ধাক্কা লাগে। বই ছাপতে বিলম্ব হওয়ায় ২০২৫ শিক্ষাবর্ষে বই উৎসবই বাতিল করা হয়। এবার নতুন বছর শুরুর আগেই সব শিক্ষার্থীর হাতে পূর্ণাঙ্গ বইয়ের সেট তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চায় সরকার।
ইতোমধ্যে প্রাক-প্রাথমিকের শতভাগ, প্রাথমিকের প্রায় ৯৮ ভাগ, ইবতেদায়ির ৯০ ভাগ ও মাধ্যমিকের ৭১ ভাগ বই সরবরাহ হয়েছে। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের মধ্যেই শেষ হবে সব বই মুদ্রণের কাজ।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা এবার দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আগামী ২৪ ডিসেম্বর ‘বই উৎসব’ করতে মাননীয় প্রধানমন্ত্রীর সময় চেয়েছি। উনি সময় দিলে সেদিনই উৎসব পালন করা হবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তথ্যানুযায়ী, প্রাক-প্রাথমিকের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০টি বইয়ের শতভাগ কয়েকদিন আগেই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। গতকাল ১১ নভেম্বর পর্যন্ত প্রাথমিকের ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬টি বইয়ের প্রায় ৯৮.৪৬ শতাংশ প্রস্তুত হয়েছে, সরবরাহ হয়েছে ৯৭.২৮ শতাংশ। ইবতেদায়ির (প্রথম-পঞ্চম) ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বইয়ের ৯১.৭১ শতাংশ প্রস্তুত হয়েছে, সরবরাহ হয়েছে ৯০ শতাংশ। মাধ্যমিক স্তরের ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বইয়ের ৭৪.২১ শতাংশ প্রস্তুত হয়েছে, সরবরাহ হয়েছে ৭১ শতাংশ বা ১২ কোটি ৭৫ লাখ ২৯ হাজার ৪০৫ কপি। মোট কার্যাদেশ দেওয়া ৩০ কোটি ৩০ লাখ বইয়ের মধ্যে প্রাথমিকের ২০ লাখ ৭০ হাজার, ইবতেদায়ির ৪১ লাখ ৫৯ হাজার ৪৯৭ কপি ও মাধ্যমিকের ৫ কোটি ২০ লাখ ১৩ হাজার ৬১৩ কপি বই সরবরাহ বাকি আছে। কাজের গতি বিশ্লেষণ করে দেখা গেছে, গত এক দিন প্রাথমিকের বই ছাপা বন্ধ ছিল। তবে ইবতেদায়ির ৩৬ লাখ ৩৫ হাজার ১৩৫ কপি ও মাধ্যমিকের ৩৬ লাখ ৪৪ হাজার ৭২৩ কপি বই সরবরাহ করেছে প্রেসগুলো। এই গতি অব্যাহত থাকলে আগামী ৭ থেকে সর্বোচ্চ ১০ দিনের মধ্যে সব বই সরবরাহ হওয়ার কথা।
সার্বিক বিষয়ে জানতে চাইলে এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক আবু নাসের টুকু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রাথমিকের অধিকাংশ বই মাঠে চলে গেছে। সামান্য কিছু বই বাকি আছে, দু-এক দিনের মধ্যে হয়ে যাবে। মাধ্যমিকের বই কিছুটা সময় লাগবে। ৩ ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ আছে। তবে আশা করছি ৩০ নভেম্বরের মধ্যে হয়ে যাবে। তিনি বলেন, সরকার এবার নতুন বছর শুরুর আগেই সব শিক্ষার্থীর হাতে বই তুলে দিতে চায়। সেই হিসেবে দরপত্রও আগে দেওয়া হয়েছে। মূল্যস্ফীতি বিবেচনায় দরও বাড়ানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়, এনসিটিবি ও ইন্সপেকশন এজেন্সি নিয়মিত প্রেসগুলো মনিটরিং করছে। আশা করছি, নির্ধারিত সময়ের আগেই সব বই সরবরাহ হবে। ২০১০ সাল থেকে বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ শুরুর পর প্রতি বছর ১ জানুয়ারি বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া শুরু হয়। বছরের প্রথম দিনে সব বই সরবরাহ করা সম্ভব হয়নি কখনো। ২০২১ শিক্ষাবর্ষে করোনার কারণে বাতিল হয় বই উৎসব। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিভিত্তিক ও ধাপে ধাপে (১২ দিনে) বই দেওয়া হয়। ২০২২, ২০২৩ ও ২০২৪ শিক্ষাবর্ষে আওয়ামী লীগ সরকার অষ্টম ও নবম শ্রেণির ৩ কোটিরও বেশি পাঠ্যপুস্তক সময়মতো সরবরাহ করতে ব্যর্থ হয়, যার ফলে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ সেট পাওয়ার জন্য ফেব্রুয়ারি-মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। ২০২৪ সালের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের আমলেও বই বিতরণে বড় ধাক্কা লাগে। ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত প্রয়োজনীয় ৪০ কোটি ১৫ লাখ পাঠ্যপুস্তকের মধ্যে মাত্র ৬ কোটি বই সরবরাহ করা সম্ভব হয়েছিল। এপ্রিল মাস পর্যন্ত বই সরবরাহ কার্যক্রম চলে। চলতি শিক্ষাবর্ষেও পাঠ্যপুস্তক সরবরাহ কার্যক্রম চলে ফেব্রুয়ারি পর্যন্ত। বিলম্বে বই পাওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়াও ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে নতুন সরকার দায়িত্ব নিয়ে আগেভাগেই বই মুদ্রণের কাজে হাত দেয়।
গত ২০ দিনে বিপুল পরিমাণ বই মুদ্রণ শেষে সরবরাহপূর্ব যাচাই (পিডিআই) সম্পন্ন হলেও কোথাও ত্রুটি খুঁজে পায়নি দায়িত্বে থাকা দুই ইন্সপেকশন এজেন্সি। তবে ২৯ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সরেজমিন মাতুয়াইলের কয়েকটি প্রেসে গেলে কয়েকটি বইয়ে রঙের বিন্যাস ও ছাপার অবস্থান (অ্যালাইনমেন্টে) অসংগতি দেখতে পান। এ বিষয়ে জানতে মাধ্যমিক স্তরের পাঠ্যবই ইন্সপেকশনের দায়িত্বে থাকা ইনডিপেনডেন্ট ইন্সপেকশন সার্ভিসেস বিডির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বেলাল হোসাইনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এ বছর শুরুর দিকে কিছু কাগজ-কালির ঝামেলা থাকলেও পরে সব ঠিক হয়ে গেছে। এবার সবচেয়ে ভালো বই পাবে শিক্ষার্থীরা। প্রাথমিক স্তরের পাঠ্যবই ইন্সপেকশনের দায়িত্বে থাকা ইনফিনিটি সার্ভে অ্যান্ড ইন্সপেকশন (বিডি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সিরাজীম মুনিরকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।