নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় এ আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, হাসপাতালে আসা ৪৮ জনের মধ্যে আশঙ্কাজনক তিনজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। তারা হলেন—ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে যায়। রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নেভানো হয়। পাঁচতলা মাদ্রাসা ভবনের দোতলায় এই আগুন লেগেছিল।