জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক পদ থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন সামান্তা শারমিন। এরপর তিনি দলটির নেতৃত্ব নির্বাচনসহ নানা অভ্যন্তরীন বিষয়ে প্রশ্ন তুলেছেন। এ প্রেক্ষিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পদ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, ‘যিনি আহ্বায়ক হয়েছেন, তিনি কিসের বা কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে হয়েছেন? তিনি তো নির্বাচিত নন।’
সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোরে দেওয়া এক সাক্ষাৎকারে সামান্তা শারমিনের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির আরেক যুগ্ম-আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিক মুজাহিদ।
তিনি বলছেন, “নাহিদ ইসলামের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন তোলার আগে মনে রাখা প্রয়োজন, তিনি ঐতিহাসিক এক দফার ঘোষক।”
আজ রবিবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সামান্তা শারমিনকে উদ্দেশ্য করে ড. আতিক মুজাহিদ তার ফেসবুক পোস্টে লেখেন, “আপনি এত দিন সিনিয়র নেত্রী ও রাজনৈতিক পর্ষদে ছিলেন—কোন মানদণ্ড বা ক্রাইটেরিয়ায় সেই দায়িত্ব পেয়েছিলেন, সেটাও নিশ্চয়ই আপনার মনে আছে। নাহিদ ইসলাম এর লেজিটিমেসি নিয়ে প্রশ্ন তোলার আগে মনে রাখা প্রয়োজন, তিনি ঐতিহাসিক এক দফার ঘোষক।”
এই এনসিপি নেতা আরও লেখেন, “দ্বিতীয়ত, আমরা সবাই মিলে তাঁকে আমন্ত্রণ জানিয়েছি, আলোচনা করেছি এবং নিজেদের সম্মতির ভিত্তিতেই তাঁকে এই পদে দায়িত্ব দিয়েছি। তিনি তো নিজের আগ্রহে আসেননি; আমাদের সবার আমন্ত্রণেই উপদেষ্টার পদ ছেড়ে এখানে এসেছিলেন।”
ড. আতিক মুজাহিদ সবশেষে লেখেন, “আপনি কি কাটাবনের সেই হোটেলে অনুষ্ঠিত মিটিংয়ের কথা ভুলে গেছেন? সেদিনের আলোচনা, সিদ্ধান্ত ও সম্মিলিত ঐকমত্যের বিষয়গুলো কি এখন আর মনে নেই? মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু অতীতের সিদ্ধান্ত ও সম্মিলিত প্রক্রিয়ার প্রতি ন্যূনতম দায়বদ্ধতা থাকা উচিত।”