রাজধানীর রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার আশরাফুল ইসলাম পুলিশকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, জসিম ও জাহাঙ্গীর নামের দুই ব্যক্তি তাকে জোরপূর্বক ককটেল দিয়ে সেখানে বিস্ফোরণ ঘটাতে পাঠিয়েছিলেন।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে আশরাফুল আরও জানান, ‘তার মা কিছুদিন আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে চিকিৎসা শেষে সম্প্রতি তাকে বাসায় নেওয়া হয়েছে।
আশরাফুলের ভাষ্য, ‘আমারে জোরপূর্বক জাহাঙ্গীর ও জসিম ককটেল দিয়েছেন, তারা কইছে ককটেল রূপনগর থানার সামনে মারতে।
জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে আশরাফুল নিজেকে একজন পাঠাও চালক হিসেবেও পরিচয় দিয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, রূপনগর থানার সামনে ককটেল নিক্ষেপের সময় আশরাফুলকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, জসিম ও জাহাঙ্গীরের সংশ্লিষ্টতার বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। তাদের মধ্যে একজনের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়, একজনের রাজশাহীতে এবং অপরজনের নাটোরে।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, গ্রেফতার তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, কোথা থেকে এসেছেন এবং কার নির্দেশনায় ককটেল নিক্ষেপ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ককটেল নিক্ষেপের সময় তারা যাদের কথা বলেছেন, তাদেরও শনাক্তের চেষ্টা চলছে। এ নিয়ে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষে বিষয়টি জানানো হবে।
এদিকে, সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৫৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ককটেল নিক্ষেপের সময় হাতেনাতে গ্রেফতার হওয়া ব্যক্তিরাও রয়েছেন।