Image description

রাজধানীর উত্তরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঘুষ লেনদেনের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের মোড় 'পাকার মাথা' এলাকায় এ ঘটনা ঘটে।

লাঞ্ছিত ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম অতীশ দর্শী চাকমা। তিনি ডিএনসিসি এলাকায় ফুটপাত উচ্ছেদ ও অবৈধ দখলমুক্ত রাখার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরে ফুটপাত উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় যান নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা। অভিযান চলাকালে স্থানীয় ব্যবসায়ী ও দোকানদারদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে মোটা অঙ্কের অর্থ বা ঘুষ দাবি ও লেনদেনের অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে উত্তেজিত জনতা ওই ম্যাজিস্ট্রেটকে চারদিক থেকে অবরুদ্ধ করে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ম্যাজিস্ট্রেটকে জনগণের হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেন।

উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, ঘুষ লেনদেনের অভিযোগকে কেন্দ্র করে ম্যাজিস্ট্রেট ও উপস্থিত জনতার মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন তাকে মারধর করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও কেউই এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।