খাবারের সন্ধানে বন থেকে লোকালয়ে এসে পানির গর্তে পড়ে যায় দুটি বন্যহাতি। পরে বন বিভাগ, হাতি উদ্ধার দলের (ইআরটি) সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় হাতি দুটিকে উদ্ধার করে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়েছে।
আজ বুধবার সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়া মনুমিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, কম্বনিয়াপাড়ার পাশের বন থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে হাতি দুটি। একপর্যায়ে খাবার খুঁজতে গিয়ে এলাকার একটি বড় পানির গর্তে পড়ে যায় তারা। বিষয়টি বন বিভাগকে জানানো হলে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ইআরটি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় হাতি দুটি উদ্ধার করা হয়।
টেকনাফ রেঞ্জের মধ্য হ্নীলা বিট কর্মকর্তা ফরেস্টার হোসেন বলেন, পানির গর্তে পড়ে যাওয়া দুটি বন্যহাতিকে ইআরটি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। পরে হাতি দুটিকে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়।