সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা, সংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী আটকের পর থেকে এখনো রয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে (ডিবি)।
আজ বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডিবি কার্যালয়ে রয়েছেন ইকবাল সোবহান। নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির একাধিক কর্মকর্তা আগামীর সময়কে এ তথ্য জানিয়েছেন।
এর আগে দুপুর সাড়ে তিনটার দিকে তাকে বেসরকারি টেলিভিশন ডিবিসির কার্যালয় থেকে ডিবি অফিসে নেওয়া হয়। তবে কী কারণে, তা স্পষ্ট করেনি পুলিশ।
পরে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহানকে মিন্টোরোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার সঙ্গে ডিবিসির সিনিয়র রিপোর্টার ও ক্রাইম চিফ রাজীব ঘোষকেও।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. আখতার হোসেনের সঙ্গে। তিনি জানালেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে ডিবিতে নিয়ে আসা হয়েছে।’
তাকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বললেন, ‘তাকে এখনো আটক বা গ্রেপ্তার করা হয়নি। অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি।’
ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ‘ইকবাল সোবহান ডিবিসি কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে একটি মবের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পরে তাকে সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষ হলে বিস্তারিত জানানো যাবে।’
কী বলছেন ডিবিসিতে কর্মরত সাংবাদিকরা
‘কীভাবে ও কখন ইকবাল সোবহান আটক’—জানতে চাওয়া হয় ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর মুক্তাদির অনিকের কাছে। তিনি বললেন, ‘ইকবাল সোবহানকে নিয়ে যাওয়ার অনেক পরে আমরা জানতে পারি।’
‘উনি (ইকবাল সোবহান) অফিস থেকে যখন বের হচ্ছিলেন, তখন ডিবি এসেছে। ডিবি এসে ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। কেন নিয়ে যাওয়া হয়েছে, সেটা এখন পর্যন্ত আমরা ক্লিয়ার না।’
মুক্তাদির অনিকের ধারণা, ‘হয়তো জুলাই রেভুলেশনের সময়ের যে মামলা ছিল, সেই বিষয়েও হতে পারে।’
‘ডিবিসির পক্ষ থেকে জানার চেষ্টা করা হচ্ছে, কেন তাকে আটক করা হলো। তবে এখন পর্যন্ত কিছু জানা যায়নি’-যোগ করেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে ডিবিসিতে কর্মরত এক সংবাদকর্মী জানালেন, ‘ইকবাল সোবহান চৌধুরী ডিবিসির চেয়ারম্যান বোর্ডের সদস্য। ওই বোর্ডে বিএনপিপন্থী আরও একজন রয়েছেন। তার সঙ্গে বিরোধের জেরে আজ ডিবিসি কার্যালয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ডিবি ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে নিয়ে যায় ডিবি।’
ইকবাল সোবহান ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান। ঢাকার মহাখালীতে প্রতিষ্ঠানটির কার্যালয়। সেখান থেকে ইকবাল সোবহানের পাশাপাশি ডিবিসির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকেও গোয়েন্দা পুলিশ পরিচয়ে নিয়ে যাওয়া হয় বলে প্রতিষ্ঠানটির কর্মীরা জানিয়েছেন।
যা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী
বিষয়টি নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রশ্ন করেছিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে। তিনি বলেন, ‘আটক হয়ে থাকলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকার কারণেই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে।’
২০১৩ সালের জুলাইয়ে শেখ হাসিনার তথ্য উপদেষ্টার দায়িত্ব পান বাংলাদেশ অবজারভারের সাবেক সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। এর আগে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফেনী সদরে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচন করে পরাজিত হন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে ইকবাল সোবহান চৌধুরী দেশের সাংবাদিক সংগঠনগুলোর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।