ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের শার্শার বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে হিমাংশু দাস (৫২) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বাগেরহাট জেলা সদরের হাড়িখালী পিসি কলেজ এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। সে বাগেরহাট জেলা সদরের পিসি কলেজ রোড এলাকার অমলেন্দু দাসের ছেলে।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় সে ভারতে যাওয়ার উদ্দেশে ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দেন। তার পাসপোর্ট ‘স্টপ লিস্টে’ থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে বাগেরহাট জেলার সদর থানায় সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড সংক্রান্ত মামলা থাকায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন।
বেনাপোল পোর্ট থানার ওসি শহীদ তিতুমির বলেন, ইমিগ্রেশনে আটক এক আওয়ামী লীগ নেতাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু বাগেরহাট সদর থানায় তার নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। সেহেতু তাকে বাগেরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।