Image description

প্রথম আলো ২৮ বছর পূর্তি উদযাপন করছে। এ উপলক্ষে পাঠকদের কাছে ক্ষমা চেয়ে ‘স্যরি’ ক্যাম্পেইন চালু করেছে সংবাদমাধ্যমটি। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে অভিনেতা তারিক আনাম খানের জন্য তৈরি করা একটি ফটোকার্ডে ঘটে গেছে মজার এক ভুল। বাবার ছবি ব্যবহার করা হলেও সেখানে নাম লেখা হয়েছে ছেলের!

ফটোকার্ডে তারিক আনাম খানের ছবি থাকলেও নামের জায়গায় লেখা হয়েছে তার ছেলে আরিক আনাম খানের নাম। বিষয়টি চোখ এড়ায়নি অভিনেতার। ভুলটি নিয়ে সরাসরি অভিযোগ না তুলে বরং ব্যঙ্গাত্মক ভঙ্গিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

স্ট্যাটাসে তারিক আনাম খান লিখেছেন, ‘স্যরি তো হতেই হবে … বাপের ছবিতে লিখলে ছেলের নাম… ! আচ্ছা, ঠিক আছে…. ব্যাপার না … ভুল হতেই পারে….. আমরা আমরাই তো… এখন থেকে ভালো হয়ে চলো …. আমার যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমিও স্যরি… যা হবার হয়ে গেছে... ঠিক আছে… থাক…’

 

 

অভিনেতার এই স্ট্যাটাসে স্পষ্ট হয়েছে, ফটোকার্ডের ভুলটি নিয়ে তিনি রসিকতা করেছেন। ‘বাপের ছবিতে ছেলের নাম’ কথাটির মধ্য দিয়ে ভুলের বিষয়টি তুলে ধরার পাশাপাশি ‘স্যরি’ বলার প্রসঙ্গেও কৌতুক করেছেন তিনি।

সেই পোস্টের কমেন্টস বক্সে অনেকেই রসিকতায় মেতেছেন। অভিনেতার পুত্র আরিক আনাম খানও লিখেছেন মজার মন্তব্য। তিনি লেখেন, ‘না মানে ইয়ে… আমাদের তো অনেক মিল। হাইট, চেহারা, চলা, গলা… ভুল হতেই পারে। কিন্তু স‍্যরি কাকে বলল- আমাকে না তোমাকে? এইটা নিয়ে একটু confused আর কি’।

উল্লেখ্য, প্রথম আলোর ২৮ বছর পূর্তি উপলক্ষে চলছে বিশেষ ‘স্যরি’ ক্যাম্পেইন। এর অংশ হিসেবেই বিভিন্ন ব্যক্তি ও বিষয়কে কেন্দ্র করে ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তারিক আনাম খানের ফটোকার্ডে ছবি ও নামের এই গরমিল নিয়েই তৈরি হয়েছে আলোচনার নতুন উপলক্ষ।