গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত হয়ে পরে মারা যাওয়া শ্রমিক তৌফিক হোসেনের ঘটনা দাবি করে ভিন্ন একটি ভিডিও প্রচার করছেন বিএনপিপন্থীরা।
তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, আলোচিত ভিডিওটি তৌফিকের মৃত্যুর ঘটনার আগেই অনলাইনে প্রকাশিত হয়েছিল।
মূল ভিডিওটি খুঁজতে গিয়ে Kazi Omur Faruk নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১ নভেম্বর একই ভিডিও পোস্ট হতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, “গার্মেন্টস_শ্রমিকদের_তান্ডব। মিরপুর দুই সাইড ফিট রোড বড় বাঘ আজমত গার্মেন্টস।”
এ ছাড়া, RaHat Ahmed Limon নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে একই দিনে প্রকাশিত ঘটনার আরেকটি ভিডিও ভিন্ন অ্যাঙ্গেল থেকে ধারণ করা অবস্থায় পাওয়া গেছে।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে গত ২ নভেম্বর গাজীপুরে লায়লা স্টাইলস লিমিটেডের শ্রমিক মো. তৌফিক হোসেন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ৩ নভেম্বর তাঁর মৃত্যু হয়।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি তৌফিক হোসেনের মৃত্যুর ঘটনার আগেই, গত ১ নভেম্বর থেকে অনলাইনে রয়েছে। ফলে ভিডিওটির সঙ্গে তৌফিকের আহত হওয়া বা মৃত্যুর ঘটনার কোনো সম্পর্ক নেই।