Image description

পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ ও গণপূর্তের ব্যানারে অগ্নিসংযোগ করে কুশপুত্তলিকা দাহ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টা ৮ মিনিট থেকে ১টা পর্যন্ত শেরেবাংলা নগর থানাধীন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে আগারগাঁও থেকে বিজয় সরণিগামী সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে প্রায় ৫০০ থেকে ৬০০ শিক্ষার্থী অংশ নেন।

পরে অবরোধ তুলে নিয়ে মিছিলসহ গণপূর্ত মন্ত্রণালয়ের সামনে যান তাঁরা।

দুপুর ১টা ১০ মিনিট থেকে ১টা ৩২ মিনিট পর্যন্ত সেখানে গণপূর্তের ব্যানারে আগুন দিয়ে কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা। কর্মসূচি শেষে তাঁরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে যান।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কর্মসূচি চলাকালে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কর্মসূচি শেষে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শীর্ষনিউজ