নাটোরের বড়াইগ্রামে দীর্ঘ ২৪ বছরেও এমপিওভুক্তি না হওয়া এবং ঋণের বোঝা সইতে না পেরে শৈলেন্দ্র কুমার চৌধুরী মানিক (৫৬) নামে এক কলেজ শিক্ষক আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার কালিকাপুর-বনপাড়া কৃষি ও কারিগরি কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক ছিলেন।
সোমবার সন্ধ্যায় বনপাড়া পৌরসভার দিয়ারপাড়া মহল্লার একটি ভাড়া বাসায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।জানা গেছে, শৈলেন্দ্র কুমার ২০০৩ সাল থেকে ওই কলেজে বিনা বেতনে পাঠদান করে আসছিলেন। দীর্ঘ ২৪ বছরেও তাঁর বিভাগ এমপিওভুক্ত না হওয়ায় কোনো সরকারি আর্থিক সুবিধা পাননি তিনি। বছরের পর বছর বিনা বেতনে শিক্ষকতা করায় সংসারের ব্যয় নির্বাহ করতে গিয়ে ঋণের বোঝা বাড়তে থাকে।
একপর্যায়ে ঋণ পরিশোধ করতে নিজের বাড়ি-ভিটাও বিক্রি করে দিতে বাধ্য হন তিনি।
এরপর স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। সম্প্রতি পাওনাদারদের ক্রমাগত চাপ এবং আর্থিক সংকট থেকে সৃষ্ট হতাশার মধ্যে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।
এ ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
দীর্ঘ দুই যুগ ধরে শিক্ষকতা করেও এমপিওভুক্তির সুবিধা না পাওয়া এবং আর্থিক নিরাপত্তাহীনতার কারণে একজন শিক্ষকের এমন পরিণতিতে তাঁর সহকর্মী ও স্থানীয় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।শীর্ষনিউজ