Image description

মেয়াদ শেষ হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদের নামে কার্যক্রম পরিচালনা না করতে বলেছে কর্তৃপক্ষ। গত ২৬ অক্টোবর কমিটির মেয়াদ শেষ হয়েছে উল্লেখ করে প্রশাসন বলছে, রাকসুর নাম ব্যবহার করে কোনো ছাত্রসংগঠনের তৎপরতা চালানোর সুযোগ নেই।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে রাকসুর পক্ষ থেকে হল সংসদগুলোর মাধ্যমে জিমনেসিয়ামের সরঞ্জাম সরবরাহসহ বিভিন্ন কার্যক্রমের খবর পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব তথ্য বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মনে করছে কর্তৃপক্ষ।

এর আগে সকালে রাকসুর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্রাবাস ও জিমনেসিয়ামে বিভিন্ন ব্যায়াম সরঞ্জাম বিতরণ করা হয়েছিল। বিষয়টি উল্লেখ করে রাকসুর নামে কোনো কার্যক্রম পরিচালনা বিধিসম্মত নয় বলে জানায় কর্তৃপক্ষ।



এ বিষয়ে রাকসুর সাবেক সহসভাপতি (এজিএস) সালমান সাব্বির আগামীর সময়কে বলেছেন, ‘রাকসুর প্রতিটি কাজ এবং জিমনেসিয়ামের জন্য অর্থ উত্তোলন, সবই উপাচার্যের লিখিত অনুমোদনে হয়েছে। যারা আমাদের কাজের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের দাবি ভিত্তিহীন।’



ভিন্ন উদ্দেশ্যে কাজে বাধা দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী পরের নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান কমিটির দায়িত্ব পালনের আইনি বৈধতা থাকলেও আমরা ক্ষমতা ধরে রাখতে চাই না। আমরা শুরু হওয়া কাজগুলো শেষ করে দ্রুত দায়িত্ব হস্তান্তরে প্রস্তুত।’