সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আক্তারুজ্জামান জামায়াতে ইসলামীতে যোগদান বা দলটির সঙ্গে সখ্য তৈরি করা নিয়ে তীব্র ক্ষোভ ও সমালোচনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার (০৩ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, '২০২৪ এর জুলাইয়ে আন্দোলন কারী সবাইকে রাজাকারের সন্তান বলেও মেজর আক্তারুজ্জামান এখন জামায়াতের কাছে হিরো। ফেস দ্যা পিপল আয়োজিত আলোচিত সেই টকশোতে আমিও ছিলাম। আমাকেও সে রাজাকারের বাচ্চা বলে আক্রমণ করে এবং আরও বলে যে, আন্দোলন করছে জামায়াত-শিবির রাজাকারের সন্তানেরা। সেসময় ফেস দ্যা পিপলের সাগর ভাই মেজর আক্তারুজ্জামানকে প্রশ্ন করেন, এরা সবাই রাজাকারের বাচ্চা? উত্তরে মেজর আক্তারুজ্জামান বলেন, হান্ড্রেড পার্সেন্ট, এরা শতভাগ রাজাকারের সন্তান!'
তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, 'সেই জুলাই গাদ্দার, গণহত্যার মদদদাতা মেজর আক্তারুজ্জামান এখন হয়ে গেছেন জামায়াত নেতা! জামায়াতকে সন্ত্রাসী দল বলা মেজর আক্তারুজ্জামান এখন সুন্দর করে 'নারায়েতকবির' স্লোগান দিতে শিখে গেছেন! আর এতেই তিনি পাকা ঈমানদার ও জনগণের নেতা হয়ে গেছেন? ধর্ম ব্যবসা শিখে গেলে এই সমাজে রাজনীতি করতে আর কি লাগে? জামায়াতের কাছে প্রশ্ন, শেখ হাসিনাও যদি ক্ষমা চেয়ে জামায়াত করতে আগ্রহ পোষণ করে, সেও কি জামায়াতে যোগদানের সুযোগ পাবে?'
রাশেদ খান লেখেন, 'জামায়াতের আমিরের পাশে দাঁড়িয়ে আজকে যখন মেজর আক্তারুজ্জামান বলছিলো, ইয়াহিয়া খানই তো ঠেকাইতে পারেনি, তোমরা কি ঠেকইবা! মেজর আক্তারুজ্জামান 'ইয়াহিয়া খান ও ৭১ এর প্রসঙ্গে' যেতেই হয়তো জামায়াতের আমির জিহ্বায় কামড় দিচ্ছিলেন আর ভাবছিলেন, আরে কি কয়, কি কয়, এখনো পাক্কা জামায়াত তো হতে পারলি না! তোকে নিয়ে না আমি প্রশংসা করে বলেছি, মেজর আক্তারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নয়, পুরো বাংলাদেশের মানুষের নেতা! তাও ব্যাটা ৭১, ৭১ করে কলিজায় আগুন ধরিয়ে দিস!'
সবশেষে তিনি লেখেন, 'যাইহোক, মেজর আক্তারুজ্জামানকে নিয়ে জামায়াতের আজকের আয়োজন দেখে জনগণ মন্তব্য করছে, ২৪ এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিলো ৭১ এর রাজাকার!'