Image description
বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকার পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। সড়কে আগুন জ্বালিয়ে অবরোধও করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে।
 
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 
এর আগে দুপুর আড়াইটার দিকে কাঠেরপুল এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে শিবু মার্কেট এলাকায় জড়ো হন। আবীর ফ্যাশন, মেট্রো নিটওয়্যার, মাইক্রো ফাইবার ও আজাদ নিট কম্পোজিটের শ্রমিকেরা এ আন্দোলনে অংশ নেন।
 
শ্রমিকদের ভাষ্য, দুপুরের খাবারের বিরতির পর আবীর ফ্যাশনের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নেন। পরে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হলে অন্য কারখানার শ্রমিকেরাও বিক্ষোভে যোগ দেন। একপর্যায়ে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা সেখানে এসে জড়ো হন।
 
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিবু মার্কেট এলাকায় শ্রমিকদের মূল সড়কে প্রবেশে বাধা দেয় পুলিশ। তবে বাধা উপেক্ষা করে শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে উঠে পড়লে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন।
 
এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন এবং সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ চালিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
 
 
 
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং সড়কে আগুন জ্বালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন।
 
তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে এবং পরিস্থিতি শান্ত করতে পুলিশ কাজ করছে।