Image description

মাতৃত্বকালীন ছুটি শেষ হওয়ার পর কর্মজীবী মায়েদের কাজে ফেরার চাপ কমাতে নতুন আর্থিক সহায়তা চালুর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, ৯৮ দিনের মাতৃত্বকালীন ছুটি শেষে অতিরিক্ত ছুটি নেওয়া নারীরা সর্বোচ্চ ৩০ দিনের জন্য বিশেষ ভাতা পাবেন। এ উদ্যোগে দেশটির ১ লাখ ৩২ হাজারের বেশি নারী কর্মী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

২০২৬ সালের ১ মে জাতীয় শ্রমিক দিবসের অনুষ্ঠানে এ ঘোষণা দেন আনোয়ার ইব্রাহিম। তিনি জানান, কর্মসংস্থান বিমা ব্যবস্থা আইন ২০১৭ সংশোধনের মাধ্যমে ‘পোস্ট-ম্যাটারনিটি লিভ অ্যালাউন্স’ বা মাতৃত্বকালীন ছুটির পরবর্তী ভাতা চালু করা হবে।

বিজ্ঞাপন

প্রস্তাবিত এ সুবিধার আওতায় বিমাভুক্ত নারী কর্মীরা তাদের অনুমিত মাসিক বেতনের ৮০ শতাংশ হারে আর্থিক সহায়তা পাবেন। অর্থ দেওয়া হবে এককালীন। সন্তান জন্মের পর ৯৮ দিনের নির্ধারিত মাতৃত্বকালীন ছুটি শেষ হলে অতিরিক্ত সর্বোচ্চ ৩০ দিনের ছুটির জন্য এ সহায়তা দেওয়া হবে।

আনোয়ার ইব্রাহিম বলেন, সন্তান জন্মের পর মায়েদের ওপর বাড়তি দায়িত্ব ও চাপ তৈরি হয়। এ কারণে অনেক নারী চাকরি ছেড়ে দিতে বাধ্য হন। সরকার চায় না, মাতৃত্বের দায়িত্ব পালনের কারণে নারীরা কর্মক্ষেত্র থেকে সরে দাঁড়ান। নতুন এ উদ্যোগের লক্ষ্য হলো তাদের আর্থিক চাপ কমানো এবং কর্মজীবনে ধরে রাখা।

তিনি আরও জানান, মালয়েশিয়ায় নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণের হার বয়স বাড়ার সঙ্গে কমে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। ২৫ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে এ হার ৭৮ দশমিক ৯ শতাংশ হলেও ৩৫ থেকে ৩৯ বছর বয়সীদের ক্ষেত্রে তা কমে ৬৮ দশমিক ৬ শতাংশে নেমে আসে। মাতৃত্ব ও সন্তান লালন-পালনের দায়িত্ব এ পতনের অন্যতম কারণ বলে মনে করছে সরকার।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক কল্যাণে নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই কর্মক্ষেত্রে তাঁদের অংশগ্রহণ বাড়ানো এবং কর্মজীবন ও পারিবারিক দায়িত্বের মধ্যে ভারসাম্য তৈরিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

দেশটির কর্মসংস্থান আইন ১৯৫৫ অনুযায়ী, নারী কর্মীরা সন্তান জন্মের পর টানা ৯৮ দিনের মাতৃত্বকালীন ছুটি পাওয়ার অধিকারী। সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিনও এর অন্তর্ভুক্ত। নতুন প্রস্তাবিত ভাতা এই নির্ধারিত ছুটির পর অতিরিক্ত সময়ের জন্য আর্থিক সহায়তা দেবে।

এর আগে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ও সামাজিক নিরাপত্তা সংস্থা পেরকেসোর মাধ্যমে মাতৃত্বকালীন ছুটির পরবর্তী ভাতা চালুর প্রস্তাব পর্যালোচনার কথা জানিয়েছিল। সরকারের নতুন উদ্যোগটি বাস্তবায়িত হলে সন্তান জন্মের পর কর্মজীবী মায়েদের চাকরি ছাড়ার চাপ কমবে এবং শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ ধরে রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস ও বারনামা