Image description

ফটোশপের মাধ্যমে শ্রমিক নির্যাতনের কাল্পনিক দৃশ্য তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বোয়ালিয়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার মিজানুর রহমান (২৮) রাজশাহীর দুর্গাপুর উপজেলার বর্ধনপুর গ্রামের মুরশিদ আলীর ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

পুলিশ জানিয়েছে, মিজানুর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা। পাশাপাশি দুর্গাপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতির দায়িত্বেও রয়েছেন।

 
 
 

রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, গ্রেপ্তারের পর মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি তৈরি এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বিভিন্ন ধরনের উসকানিমূলক ছবি, পোস্টার ও কনটেন্ট পাওয়া গেছে।

 
 

তিনি আরও বলেন, এসব বিষয়ে তথ্য-উপাত্ত যাচাই বাছাই করে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও উসকানিমূলক কনটেন্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।