Image description

রাজধানীর মিরপুরে মো. সাইমন নামের এক পুলিশ কনস্টেবলকে একা পেয়ে বেধড়ক পিটিয়েছেন আন্দোলনরত পোশাকশ্রমিকরা। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মিরপুরে কালশী রোডে এ ঘটনা ঘটে। এ হামলার একটি ভিডিওতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

এতে দেখা গেছে, এক পুলিশ সদস্যকে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন কয়েকজন। কয়েকজন আবার হামলাকারীদের নির্বৃত্ত করার চেষ্টা করছেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।

 

 

 

 

জালাল উদ্দিন বলেন, ‘মিরপুর-১১ থেকে যখন শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করা হয়েছে, তখন তারা কালশীর দিকে সরে যায়। সেই সময় পল্লবী থানা থেকে পুলিশ সদস্যরা মিরপুর-১১-এর দিকে আসছিল। দলছুট অবস্থায় পেয়ে এক কনস্টেবলের ওপর হামলা চালানো হয়।’

 

এর আগে, সকাল ১০টার দিকে মিরপুর ১১ মেট্রো স্টেশনের নিচে পোশাকশ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে। তখন পোশাকশ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। বিপরীতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় অন্তত ৪ জনকে আটক করে পুলিশ।