Image description

মাদারীপুরের কালকিনি উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে নির্ধারিত সময়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে (ইউএইচএফপিও) কর্মস্থলে না পেয়ে হাসপাতাল প্রাঙ্গণে অপেক্ষা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই নার্সকে অন্যত্র বদলির নির্দেশ দেয়ার পাশাপাশি দেরিতে কর্মস্থলে উপস্থিত হওয়া ইউএইচএফপিও ও কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

মঙ্গলবার (০৩ নভেম্বর) হাসপাতালটি পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন কার্যক্রম ও দায়িত্ব পালনের বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের একপর্যায়ে নির্ধারিত সময়ে ইউএইচএফপিওকে কর্মস্থলে উপস্থিত না পেয়ে তার জন্য অপেক্ষা করেন। একই সময় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই নার্সের বিরুদ্ধে বদলির নির্দেশ দেন। দেরিতে কর্মস্থলে উপস্থিত হওয়ার বিষয়ে ইউএইচএফপিও ও কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধেও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে জনগণের অর্থ লুটপাট ও বিদেশে পাচার করা হয়েছে। এর ফলে দেশের স্বাস্থ্য খাত শোচনীয় অবস্থায় পৌঁছেছিল। ওই সময়ে স্বাস্থ্য খাতে জনবল, টিকা ও ওষুধের সংকট ছিল প্রকট।

হাসপাতালে আউটসোর্সিং ব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যেসব প্রতিষ্ঠানে জনবল সংকট রয়েছে, সেসব প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে জনবল বাড়ানো হবে। দুর্নীতি বন্ধ করে সীমিত বাজেটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

 

সরকারি হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, এ বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। কোনো প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক স্থাপনের অনুমতি দেয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি। ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করে অনিয়ম পাওয়া গেলে সেগুলো বন্ধের নির্দেশ দেয়া হচ্ছে।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়া, জেলা প্রশাসক মর্জিনা আক্তার, জেলা পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা।